চট্টগ্রাম,১৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝড়ো হাওয়ার সঙ্গে ঝুম বৃষ্টি; এর মধ্যেই চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা গেছেন ভোটারের কাছে এলাকায় এলাকায়।
১৭ জুন নির্বাচনের আগে সব এলাকার ভোটারের কাছে যেতে হবে, বৃষ্টি তাই প্রার্থী আর তাদের সমর্থকদের কাছে কোনো বাধাই নয়।
রোববার বৃষ্টি-ঝড়ো হাওয়ার সঙ্গে নগর জুড়ে চলেছে বিভিন্ন প্রার্থীর গণসংযোগ ও পথসভা। বৃষ্টি ভিজে খসে পড়া পোস্টারের জায়গায় পড়েছে নতুন পোস্টার।
সাত মেয়র ও ৪১ ওয়ার্ডের ২৪৯ সাধারণ ও ৫৯ জন সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর মাইকিং, পথসভা, ভ্রাম্যমাণ গানের দল, কর্মী সমর্থক সমারোহে ভোটারদের দ্বারে যাওয়া- জমজমাট এই প্রচারণায় বৃষ্টি ভেজা নগরীর চিত্র ছিল অন্য রকম।
ভিজে একাকার হওয়া কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণা চালান চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী এম মনজুর আলম ।
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভিজে ভিজে ভোটাদের কাছে গেছেন বিএনপি-জামায়াত সমর্থিত এই প্রার্থী। ভোটারদের সঙ্গে করেছেন কোলাকুলি, চেয়েছেন ভোট ও দোয়া।
নগরীর লালখান বাজার ওয়ার্ডের ইস্পাহানি মোড়, চানমারী রোড, ডেবারপাড়, টাংকীর পাহাড়, গরীবুল্লাহ হাউজিং, পাহাড়তলী ওয়ার্ডের ওয়ালের্স গেইট, হলিক্রিসেন্ট হাসপাতাল গলি, পাহাড়তলী কলেজ, বিহারী কলোনী, ঝাউতলা ও পশ্চিম খুলশী এলাকায় ভিজেই গণসংযোগ করেন মনজুর আলম।
মেয়র প্রার্থী মনজুর আলমের পক্ষে গণসংযোগকালে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, "সময় কম। প্রত্যেক ভোটারের কাছে যেতে হবে। তাই বৃষ্টির কথা ভাবলে চলবে না।"
একইভাবে প্রচারণায় ছিলেন আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর। বৃষ্টি উপেক্ষা করে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে চালিয়েছেন দিনভর প্রচারণা। প্রার্থী ভিজছেন, দেখাদেখি সাধারণ মানুষও।
মহিউদ্দিন চৌধুরী প্রচারণা চালান নগরীর আগ্রাবাদের বারিক বিল্ডিং মোড়, বিমান চত্বর, ইপিজেড, কাটগড়, অলংকার মোড়, দেওয়ান হাট মোড়, বহদ্দার হাট মোড়সহ বিভিন্ন এলাকায়।
তার পক্ষে ট্রাক নিয়ে প্রচারণায় নামেন আওয়ামী লীগের ২৬ জন কেন্দ্রীয় নেতা ও সাংসদ।
আওয়ামী লীগ ছাড়াও মহাজোটের দুই শরিক জাতীয় পার্টি ও জাসদের দুই স্থানীয় সাংসদও উপস্থিত থেকে প্রচারণায় অংশ নেন।
ট্রাক নিয়ে প্রচারণা চালানোর সময় শহীদ মিনার সংলগ্ন সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং প্রায় আধাঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
নগরীর বহদ্দার হাট, ইস্পাহানী গেইট এলাকায় প্রচারণা চালান আওযামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা আমীর হোসেন আমু, প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের, সাংসদ নুরুল ইসলাম বিএসসি, জাসদের মঈনুদ্দিন খান বাদল, আবদুর রহমান বদি ও গোলাম মাওলা রনি।
বারিক বিল্ডিং, বিমান চত্বর, ইপিজেড ও কাটগড়ে প্রচারণা ও পথসভায় অংশ নেন দলের উপদেষ্টা তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সাংসদ আখতারুজ্জামান চৌধুরী, এম এ লতিফ, শামসুল হক চৌধুরী।
আমিন জুট মিল, বটতল, আমান বাজার এলাকায় জাতীয় পার্টির সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ, আওয়ামী লীগের সাংসদ লুৎফুল হাই সাচ্চু, আ ক ম বাহার উদ্দিন বাহার, তাজুল ইসলাম ও ফজলে করিম চৌধুরী।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সার, সাংসদ মোশাররফ হোসেন, আবদুল মতিন খসরু, আবুল কাশেম মাস্টার, একরামূল করিম চৌধুরী ও আনোয়ারুল হক নগরীর অলংকার মোড়, নয়াবাজার ও দেওয়ান হাট মোড়ে প্রচারণায় অংশ নেন।
শুধু মেয়রপ্রার্থীরা নন ওয়ার্ড কাউন্সিলর, মহিলা ওয়ার্ড কাউন্সিলররাও ছিলেন সক্রিয়।
প্রচারণার সময় ফুরাচ্ছে মঙ্গলবার রাতেই। তাই রোববার অবিরাম বৃষ্টিতেও কোন বিরাম নিচ্ছেন না মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর নারী বা পুরুষ কোন প্রার্থীই।
২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সলিমুল্লাহ বাচ্চু রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃষ্টিতে কাকভেজা হয়ে গেছি। কিছু করার নেই, প্রচারণার সময় কম।"
তিনি জানান, টানা বৃষ্টিতে পোস্টার নষ্ট হচ্ছে। সকাল আর রাতে সেই শূন্যস্থান পূরণ করছি নতুন পোস্টার দিয়ে।
শনিবার সন্ধ্যা থেকে গভীররাত পর্যন্ত বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় নগরজুড়ে ঝুলিয়ে দেওয়া হাজার হাজার পোস্টারের অনেকগুলো ছিড়ে রাস্তায় ছড়িয়ে ছিটেয়ে থাকার দৃশ্য দেখে আফসোস করেছেন অনেক প্রার্থী।
তবে রোববার সকালে বৃষ্টির একটু ফুসরতে এসব পোস্টারর জায়গায় নতুন পোস্টার ঝুলিয়ে শূন্যস্থান পূরণ করেছেন কর্মী সমর্থকেরা। দুপুরের পর বৃষ্টির প্রকোপে এসব পোস্টারও ঝরে পড়ছে।
শেষ সময়ে বৃষ্টি, ঝড়ো হাওয়া বা অন্য কোনকিছুই যেন প্রচারণায় বাধা নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমএসবি/২৩২৮ ঘ.
bdnews24