২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইলেকট্রনিক ভোটের মহড়া

চট্টগ্রাম মহানগরীর ২১ নম্বর জামাল খান ওয়ার্ডে শুক্রবার শুরু হয়েছে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গ্রহণের মহড়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2010, 10:10 AM

Updated : 25 Aug 2022, 12:02 PM

চট্টগ্রাম, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর ২১ নম্বর জামাল খান ওয়ার্ডে শুক্রবার শুরু হয়েছে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গ্রহণের মহড়া। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দেশের ইতিহাসে এবারই প্রথম ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট নেয়া হবে। জামালখান ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে এ ব্যবস্থায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ১০ টা থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের লোকপ্রশাসন কেন্দ্র, ন্যাশনাল প্রাইমারি স্কুল, ডা. খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ভোটাররা ভোট দেন। শনিবারও এ মহড়া চলবে। সরেজমিনে ভোটকেন্দ্রগুলোয় গিয়ে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি কম। তবে উপস্থিত ভোটাররা অত্যন্ত আগ্রহ নিয়েই নির্বাচনী কর্মকর্তাদের দেখিয়ে দেওয়া পদ্ধতি অনুসরণ করে মহড়া ভোট দিয়েছেন। নগরীর আসকারদীঘির পাড়ে লোকপ্রশাসন কেন্দ্রে মহড়া ভোট দিতে আসা চাকুরিজীবী রফিকুল ইসলাম সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট দেয়ার নিয়ম নতুন হলেও তা আগের চেয়ে অনেক সহজ হবে।" ওই কেন্দ্রে দায়িত্বপালনরত সহকারি প্রিসাইডিং কর্মকর্তা সুকোমল দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কিভাবে ই-ভোট দিতে হবে আমরা ভোটারদের তা শিখিয়ে দিচ্ছি। তারা সে অনুযায়ী বোতাম টিপে ভোট দিচ্ছেন।" এতে কোন জটিলতা হচ্ছে না বলেও জানান তিনি। মহড়া ভোটের প্রতিটি কেন্দ্রেই কাজ করছেন ঢাকা থেকে আসা বুয়েটের বিশেষজ্ঞ দলের সদস্যরা। লোকপ্রশাসন কেন্দ্র পরিদর্শন শেষে নির্বাচন কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, "আমরা চট্টগ্রামের একটি ওয়ার্ডে স্বল্প পরিসরে পরীক্ষামূলকভাবে ই-ভোটিং শুরু করছি। এর নানা দিক বিশ্লেষণ করে ক্রমান্বয়ে পরিধি বাড়ানো হবে।" কেন্দ্র সমূহে স্বল্প ভোটারের উপস্থিতি প্রসঙ্গে সচিব বলেন, "এমনিতেই নির্বাচনে ৫০ থেকে ৬০ শতাংশ ভোট পড়ে। আর এটি মহড়া ভোট। শনিবারও এ ধরণের মহড়া চলবে। সে কারণে উপস্থিতি কম হতে পারে।" ভোটের দিন উপস্থিতি বাড়বে বলে আশা করেন নির্বাচন কমিশন সচিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএএ/কেএমএস/১৬০৩ ঘ.