ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক শিবিরকর্মীকে মারধর করে পুলিশে দিয়েছে সরকার সমর্থক ছাত্রলীগকর্মীরা।
তারেক আল আজিজ নামের ব্যবস্থাপনা বিভাগের ৫ম পর্বের এই ছাত্রকে বুধবার শিবিরের প্রচারণা চালানোর সময় আটক করা হয় বলে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্যই তারেককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগকর্মীরা তারেককে বিভাগ থেকে প্রক্টর কার্যালয়ে ধরে নিয়ে যায়। তারা তারেকের মোবাইল ফোন থেকে শিবির নেতাকর্মীদের পাঠানো বিভিন্ন বার্তা বের করে। তার ফোনে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারির নম্বরও পাওয়া যায়।
বিকেল ৪টার সময় তারেককে পুলিশে কাছে সোপর্দ করে ছাত্রলীগকর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী আবু সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ের একটি ছেলেকে নিয়ে হট্টগোল দেখে আমি বিষয়টি দেখার জন্য এগিয়ে যাই। পরে জানতে পারি ওই ছাত্র শিবিরকর্মী। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে নিজেদের হেফাজতে নেয়।"
কোতয়ালি থানার উপ-পরিদর্শক মোখলেসুর রহমান জানান, আটককৃত ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৬ ঘ.
bdnews24