২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় বর্জ্য: দুষণরোধ অগ্রগতি জানাতে হাইকোর্টের নির্দেশ

বুড়িগঙ্গা নদীতে বর্জ্য ফেলা বন্ধের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতির প্রতিবেদন আদালতে দাখিল করতে রাজধানীর ছয় থানার ওসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 09:45 AM

Updated : 25 Aug 2022, 11:55 AM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গা নদীতে বর্জ্য ফেলা বন্ধের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতির প্রতিবেদন আদালতে দাখিল করতে রাজধানীর ছয় থানার ওসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগের নির্দেশনা মোতাবেক ছয় থানার ওসি বুধবার আদালতে হাজির হলে বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের বেঞ্চ তিন মাস পর পর তাদেরকে অগ্রগতির প্রতিবেদন আদালতে দাখিল করার নির্দেশ দেয়। আদেশ অমান্য করলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও স্মরণ করে দেয় আদালত। এরা হলেন, কোতোয়ালি থানার ওসি সালাউদ্দিন খান, হাজারীবাগের ওসি এনামুল হক, লালবাগের ওসি মোহাম্মদ আলী, কামরাঙ্গীরচরের ওসি শফিকুল ইসলাম, ডেমরা থানার ওসি মাহবুব হোসেন ও কেরানীগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান। এর আগে গত সোমবার বুড়িগঙ্গা নদীতে বর্জ্য ফেলা রোধে পদক্ষেপ গ্রহণের নির্দেশ অমান্য করায় ছয় থানার ওসির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ কেন আনা হবে না তার ব্যাখ্যা চায় হাইকোর্ট। ওই দিন তাদেরকে সশরীরে আদালতে হাজির হওয়ারও নির্দেশ দেওয়া হয়। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ছয় ওসির বিরুদ্ধে একটি রিট আবেদন করে। আবেদনে বলা হয়, সংগঠনটির একটি রিট আবেদনের পর গত ৪ মে বুড়িগঙ্গা নদীতে বর্জ্য ফেলা রোধে ওই ছয় থানার ওসিকে নদী তীরে পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু তারা আদালতের সে নির্দেশ পালন করেননি। এতে আদালতকে অবমাননা করা হয়েছে বলে আবেদনে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জিএনএ/১৫৪০ঘ.