ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মাসের মধ্যেই জাতীয় মানবাধিকার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
আইনমন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানিয়ে বলেন, "আইন অনুযায়ী একজন চেয়ারম্যান ও অনধিক ছয়জন সদস্য নিয়ে কমিটি পূর্ণাঙ্গ করা হবে। জাতীয় সংসদের স্পিকার কমিটি গঠনের জন্য সদস্য বাছাইয়ের কাজ করছেন।"
এর আগে সুইডেনের বিদায়ী রাষ্ট্রদূত ব্রিট এফ হেগস্টর্ম মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এক অধ্যাদেশ বলে জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা হয়। তারপর নবম সংসদের প্রথম অধিবেশনে অধ্যাদেশটি পাস হয়। এতে একজন চেয়ারম্যান, একজন স্থায়ী সদস্য এবং নারী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধিদের অস্থায়ী সদস্য হিসেবে তিন বছর মেয়াদে নিয়োগ দেওয়ার বিধান রয়েছে।
গঠনের পর থেকে একজন চেয়ারম্যানকে দিয়েই কমিশনের কার্যক্রম চলছে। এর বর্তমান চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবির চৌধুরীর মেয়াদ শেষ হচ্ছে আগামী ২০ জুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/১৫১৭ ঘ.
bdnews24