ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিরোধীদল বিএনপির ডাকা হরতাল কর্মসূচিকে জামায়াতে ইসলামী সমর্থন দিয়েছে।
দলটির সেক্রেটারি জেনালের আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেন, ২৭ জুন দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচিতে জামায়াতের নেতাকর্মীরা মাঠে নামবে কিনা সে ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে মুজাহিদ সাংবাদিকদের এ কথা বলেন।
সকালে দলের নির্বাহী পরিষদের বৈঠকে হরতালে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
মুজাহিদ বলেন, বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের প্রতিবাদে আগামী ৯ জুন বিএনপির ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণঅবস্থান কর্মসূচিতেও যোগ দেবে জামায়াত।
গত ১৯ মে রাজধানীর পল্টন ময়দানের জনসভায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।
গ্যাস-বিদ্যুৎ-পানি সঙ্কট নিরসন, টেন্ডারবাজি-দখলবাজি বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী লাঞ্ছনার বিচার, বিচার বিভাগে হস্তক্ষেপ বন্ধ, ভারতের সঙ্গে করা চুক্তি বাতিল, নির্বাচন কমিশনের পদত্যাগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে ২৭ জুন হরতাল ডাকে দলটি।
এছাড়া বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের প্রতিবাদে আগামী ৯ জুন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণঅবস্থান এবং সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধের দাবিতে ১৭ জুন সারাদেশে বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে।
জামায়াত নেতা মুজাহিদ বলেন, "এ সরকারের পতনে ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকলপ নেই। তাই দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
তিনি দাবি করেন, হরতালে জনদুর্ভোগ বাড়বে না বরং কমবে। কারণ এ আন্দোলনের মাধ্যমে জনগণ দুর্ভোগ থেকে পরিত্রাণের রাস্তা পাবে।
বাংলাদেশে একমাত্র হরতালের মাধ্যমেই আন্দোলন সফল করা যায় বলে মুজাহিদ মন্তব্য করেন।
আগে বিএনপি ও জামায়াত পৃথকভাবে কর্মসূচি দিলেও জনগণের সম্পৃক্ততা ছিল বলে দাবি করেন তিনি।
এখন বিএনপি-জামায়াত ঐক্যবদ্ধ আন্দোলনে জনগণ আরো স্বতঃফূর্তভাবে অংশ নেবে বলে আশা প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
শনিবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে সরকারবিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে থাকার প্রতিশ্র"তি দেয় জামায়াত।
ওই বৈঠকের পর দলটির আমির মতিউর রহমান নিজামী সাংবাদিকদের বলেন, ''আন্দোলনের কোনো বিকল্প নেই। বিএনপি এক্ষেত্রে যে আন্দোলনের ডাক দিয়েছে তাকে ইতিবাচক মনে করি।''
আন্দোলন কর্মসূচির পক্ষে সমর্থন নিতে খালেদা জিয়া গত ২৭ মে চারদলীয় জোটভুক্ত ও সমর্থিত দল এবং পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের কর্মসূচি শুরু করেন।
প্রথম দিন তিনি মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট ও আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন।
এরপর গত এক সপ্তাহে খেলাফত মজলিশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি (এনডিপি) সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে বৈঠক করেন বিরোধীদলীয় নেত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমএসবি/২১১৮ ঘ.
bdnews24