ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফেঢার ডটকম)- দুদিন বিরতির পর রোববার বিকাল চারটায় বসছে জাতীয় সংসদের অধিবেশন।
গত বুধবার নবম সংসদের পঞ্চম ও দ্বিতীয় বাজেট অধিবেশন শুরু হয়। সেদিন দুদফা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যায় প্রধান বিরোধী দল বিএনপি। পরদিনও তারা অধিবেশনে যোগ দেয়নি।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ১০ জুন বৃহস্পতিবার বিকালে ২০১০-১১ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করবেন।
বিএনপি জানিয়েছে, আগামী অর্থবছরের জাতীয় বাজেট সম্পর্কে সোমবার দলের প্রস্তাব উপস্থাপন করা হবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭ জুন বিকাল চারটায় হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে আনুষ্ঠানিকভাবে আগামী বাজেট সম্পর্কে দলের দৃষ্টিভঙ্গি ও প্রস্তাব তুলে ধরবেন চেয়ারপারসন।
ওই অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, জাতীয় দৈনিকের সম্পাদক, পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিদেশি মিশনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/আরএ/১১৫৯ ঘ.
bdnews24