চট্টগ্রাম, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে পরিবর্তনের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি সমর্থিত উন্নয়ন আন্দোলনের মেয়র পদপ্রার্থী এম মনজুর আলম।
শনিবার বিকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন আয়োজিত এক নাগরিক মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মনজুর আলম বলেন, "ম্যাডামের (খালেদা জিয়া) নির্দেশেই আমি ১০ দলীয় জোটের সমর্থিত প্রার্থী। চট্টগ্রামের উন্নয়নের জন্য আমি কাজ করতে চাই।'
চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের এই মেয়র প্রার্থী বলেন, "জামায়াতে ইসলামী আমাকে সমর্থন করায় তাদের সমর্থিত প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। সেজন্য তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।"
মনজুর আলম বলেন, "নির্বাচনে একটি মহল আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। কারো কথায় বিভ্রান্ত না হয়ে আপনারা উন্নয়নের জন্য পরিবর্তনের পক্ষে ভোট দেবেন।"
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম মহানগরীর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সহ- সভাপতি দস্তগীর চৌধুরী, চট্টগ্রাম জামায়াতে ইসলামীর আমীর ও সাংসদ শামসুল ইসলামসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/কেএমএস/২৩২৯ ঘ.
bdnews24