ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে রাজধানী ঢাকায় দলীয় উদ্যোগে খাবার বিতরণে শেষ দিনের কর্মসূচি শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় পুরান ঢাকার কোতয়ালী থানা এলাকার নর্থ সাউথ রোড় থেকে এই কর্মসূচি শুরু করেন তিনি।
খালেদা জিয়া এদিন শ্যামপুর ও কেরানীগঞ্জ থানার বিভিন্ন এলাকায়ও খাবার বিতরণ করবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে খাবার বিতরণে তিনদিনের এই কর্মসূচি নিয়েছে।
গত রোববার খালেদা জিয়া মোহাম্মদপুরের টাউনহল মাঠ থেকে এই কর্মসূচি উদ্বোধন করেন।
সেদিন তিনি ধানমণ্ডি, লালবাগ, কামরাঙ্গীরচর, সূত্রাপুর, পল্টন, ডেমরা, সবুজবাগ, মতিঝিল, রমনা ও খিলগাঁওয়ের প্রায় ৬০টি স্থানে এবং পরদিন ৫০টি স্থনে খাবার বিতরণ করেন।
মঙ্গলবার পুরান ঢাকায় খাবার বিতরণের সময় ঢাকার মেয়র ও দলের সহসভাপতি সাদেক হোসেন খোকা, অধ্যাপিকা সারোয়ারি রহমান, মহানগর সাধারণ সম্পাদক আবদুস সালাম, যুবদল নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নিরব ও মোর্তাজুল করিম বাদরু খালেদা জিয়ার সঙ্গে ছিলেন।
রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ শে মে চট্টগ্রামে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে নিহত হন। বিএনপি এ দিনটি তার 'শাহাদত দিবস' হিসেবে পালন করে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১৩১৭ ঘ.
bdnews24