চট্টগ্রাম, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি মেয়র নির্বাচনে 'ম্যাডামের নির্দেশ মতো কাজ করছেন' জানিয়ে বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন এম মঞ্জুর আলম।
রোববার দুপুরে বিকালে দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ সহযোগিতা চান।
এসময় বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় ছাড়াও দলের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতারা উপস্থিত ছিলেন।
সিটি মেয়র নির্বাচনে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন মনোনীত এবং বিএনপি সমর্থিত প্রার্থী মঞ্জুর সমর্থনের জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি খালেদার নির্দেশ মতো সব কাজ করে যাচ্ছেন এবং করে যাবেন বলেও ঘোষণা দেন।
এর আগে মঞ্জুর নাসিমন ভবনে মহানগর বিএনপি'র এক সভায় যোগ দেন এবং রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম কবরে পুষ্পমাল্য করেন।
এছাড়া বিকালে তিনি নগরীর বিভিন্ন ওয়ার্ডে জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন সভায় যোগ দেন ও গণসংযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/পিডি/২০৪৬ ঘ.
bdnews24