২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংস্কার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, চোরাচালান প্রতিরোধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংস্কার করে যুগোপযোগী করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2010, 09:20 AM

Updated : 25 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, চোরাচালান প্রতিরোধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংস্কার করে যুগোপযোগী করা হবে। রোববার সচিবালয়ে চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত আন্ত:মন্ত্রণালয় বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আইনের সঠিক প্রয়োগ না থাকায় চোরাচালান সংক্রান্ত মামলা বছরের পর বছর ধরে অনিস্পন্ন অবস্থায় থাকছে। চোরাচালান প্রতিরোধের জন্য ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংস্কার বা প্রয়োজনে পরিবর্তন করা হবে।" তিনি জানান, এ পর্যন্ত চোরাচালান সংক্রান্ত ২২ হাজার ৯ শ ৬৭ টি মামলা নিস্পত্তি না হয়ে পড়ে রয়েছে। এ বিষয়ে একটি মনিটরিং সেল গঠন করতে আইন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। সাহারা খাতুন বলেন, "বৈঠকে বর্ডার হাট ও কাঁটা তারের বেড়া সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও সীমান্ত এলাকা থেকে রেলওয়ের মাধ্যমে চোরাচালান বন্ধ করতে নির্দিষ্ট স্টেশনের বাইরে অন্য কোথাও যাতে ট্রেন না থামে সেই জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।" তিনি জানান, দেশের অভ্যন্তরে যেসব চোরাচালানকৃত পণ্য রয়েছে, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তা উদ্ধার করার উদ্যোগ নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "চোরাচালানের সঙ্গে জড়িত গডফাদারদের গ্রেপ্তারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। অল্পদিনের মধ্যেই এ বিষয়ে সফলতা পাওয়া যাবে।" বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বিভিন্ন মন্ত্রণালয় ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কেএমএস/১৫১০ ঘ.