ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৯ তম মৃত্যুবার্ষিকী পালন করছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা রোববার বেলা পৌনে ১১ টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কবর প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল। খালেদা জিয়া তাতেও অংশ নেন।
খালেদা জিয়ার সঙ্গে ছিলেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ দলীয় নেতৃবৃন্দ ও সাংসদগন।
খালেদা জিয়ার পর মহানগর বিএনপি, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতী দল, স্বেচ্ছাসেবক দল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়াসর্, বাংলাদেশ (এ্যাব), জাসাস, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠন জিয়ার কবরে ফুল দেয়। কবর প্রাঙ্গণে জিসাস-এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন খালেদা জিয়া ।
জিয়ার কবর প্রাঙ্গনে আনুষ্ঠানিকতা শেষ করে খালেদা জিয়া বেলা ১২টার দিকে মোহাম্মদপুর টাউন হলে স্থানীয় বিএনপির উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। পওে তিনি রায়েরবাজারসহ বিভিন্ন স্থানে খাবার বিতরণ করেন।
খালেদা জিয়া রোববার রাজধানীর ৫১টি স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম।
সোমবার সকালে তেজগাঁওয়ের আরজত পাড়ায় শাহীনবাগ মাঠে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হবে। এদিন খালেদা জিয়া ৩৫টি স্থানে খাবার বিতরণের কর্মসূচিতে অংশ নেবেন।
বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজধানীর মতো সারাদেশেই দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং আলোচনা সভা হচ্ছে।
জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়া দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
১৯৮১ সালের ৩০ শে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে নিহত হন। বিএনপি এ দিনটি তার 'শাহাদত দিবস' হিসেবে পালন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৪৪৮ ঘ.
bdnews24