২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবাইকে নিয়ে কাজ করতে চাই: মহিউদ্দিন

সিটি করপোরেশন নির্বাচনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবে বলে দাবি করেছেন মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2010, 03:24 PM

Updated : 25 Aug 2022, 11:15 AM

চট্টগ্রাম, মে ২৭ (বিডিনিউজ টোওেয়ন্টিফোর ডটকম) - সিটি করপোরেশন নির্বাচনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবে বলে দাবি করেছেন মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী। ঢাকা থেকে চট্টগ্রামে ফিরে বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, "নির্বাচনে সবাইকে নিয়ে আমি কাজ করতে চাই। কাজ করতে গিয়ে হয়তো কেউ ছিটকে পড়তে পারেন। আমার দায়িত্ব সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়া।" সকালে চট্টগ্রাম জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করে মহিউদ্দিননের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি রাজধানীর গণভবনে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই বৈঠকে মহিউদ্দিনের বিরোধিতাকারীদেরও ডাকা হয়। আওয়ামী লীগ এর মধ্যে মেয়র পদে তিনবার বিজয়ী মহিউদ্দিনকে সমর্থন দিয়েছে। তিনি নাগরিক কমিটির ব্যানারে প্রার্থী হয়েছেন। মেয়র পদে মহিউদ্দিনের বিরোধিতা করে মনোনয়নপত্র জমা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী। রাত ৭টার দিকে নগরীর নন্দনকানন এলাকায় নাগরিক কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন বলেন, "মেয়র নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বৃহত্তর কর্মসূচি নিয়ে এগিয়ে যাবো।" দলের নেত্রী (শেখ হাসিনা) ঢাকার বৈঠকে উপস্থিত চট্টগ্রামের নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান। এর আগে দলের মহানগর সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু ঢাকায় দলীয় সভানেত্রীর সঙ্গে বৈঠকের বিবরণ দেন। তিনি বলেন, মহিউদ্দিনের বিপক্ষে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেওয়া আওয়ামী লীগ নেতারা তাদের প্রার্থীতা প্রত্যাহার করবেন বলে নেত্রীকে ওয়াদা দিয়েছেন। মহিউদ্দিনের বিরোধিতাকারী চট্টগ্রামের দলীয় দুই সাংসদ নুরুল ইসলাম বিএসসি ও এম এ লতিফের বৈঠকে অনুপস্থিত থাকার বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "কারো অনুপস্থিতি নিয়ে কোনো প্রকার আলোচনা হযনি। তারা দেশে ফিরলে নেত্রী হয়ত তাদের ডেকে নির্বাচনে কাজ করার নির্দেশ দেবেন।" মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলামের বিরোধ দীর্ঘদিনের। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- নাগরিক কমিটির সদস্য সচিব অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, মহানগর কমিটির আরেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১১৬ ঘ.