ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট সরকারের মন্ত্রীরা 'অশ্লীল' মন্তব্য করে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মওদুদ আহমেদ।
তিনি সরকারের মন্ত্রিসভাকে 'অনভিজ্ঞ ও অদক্ষ' বলেও অভিহিত করেন।
মঙ্গলবার এক আলোচনা সভায় মওদুদ এ মন্তব্য করেন।
বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ''মহাজোট সরকারের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে কোনো সমন্বয় নেই। তারা অনভিজ্ঞ ও অদক্ষ। মন্ত্রীদের মধ্যে যারা কথা বলেন, তারা বেশি কথা বলেন। অশোভন ও অশ্লীল কথা বলে তারা বিভ্রান্তি ছড়ান। এরকম অশ্লীল বক্তব্য দেওয়া এখন আওয়ামী লীগের ট্রেডমার্কে পরিণত হয়েছে।"
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
২৭ জুনের কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে মওদুদ বলেন, '' আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করতে হবে।''
তিনি ক্ষমতাসীন দলের বিরুদ্ধে অভিযোগ করেন, আওয়ামী লীগ অহেতুক বিরোধী দলের সঙ্গে একটি সংঘর্ষের পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জনগণের সমস্যা আড়াল করতে তারা নানা ফন্দি-ফিকির করছে। এতে কাজ হবে না।
জিয়াউর রহমানকে 'স্বাধীনতার ঘোষক' দাবি করে সাবেক আইন মন্ত্রী বলেন, যারা ইতিহাসের পাতা থেকে জিয়ার নাম মুছে ফেলার চেষ্টা করছে, তারা বোকার স্বর্গে বসবাস করছেন। জিয়াকে জনগণের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না।
সংগঠনের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৩৯ ঘ.
bdnews24