২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনোদ বিহারীর আশীর্বাদ চাইলেন মঞ্জু

আশীর্বাদ চাইতে প্রবীণ বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর কাছে গেলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম মঞ্জু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2010, 10:08 AM

Updated : 25 Aug 2022, 10:51 AM

চট্টগ্রাম, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশীর্বাদ চাইতে প্রবীণ বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর কাছে গেলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম মঞ্জু। বিনোদ বিহারীর পাশাপাশি বিএনপি নেতা দস্তগীর চৌধুরী এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তের সঙ্গেও দেখা করেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মঞ্জু। আগামী ১৭ জুন অনুষ্ঠেয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার এখনো শুরু হয়নি। প্রার্থীরা ব্যক্তিগতভাবে বিভিন্ন স্থানে যাচ্ছেন। শনিবার দুপুর সোয়া ২টার দিকে নগরীর মমিন রোডে বিনোদবিহারী চৌধুরীর বাসায় যান মঞ্জু। তিনি শতবর্ষী নেতার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাকে দোয়া করার অনুরোধ জানান। বিনোদ বিহারী সাংবাাদিকদের বলেন, "সৎ, যোগ্য ও যিনি জনগণকে ভালোবাসেন, তিনিই মেয়র নির্বাচিত হোন, এটাই আমার প্রত্যাশা।" মঞ্জু এর আগে চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি দস্তগীর চৌধুরীর বাড়িতে যান। দস্তগীর সাংবাদিকদের বলেন, " মঞ্জুর আলমকে দল এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া মনোয়নন দিয়েছেন, আমরা তার পক্ষে কাজ করবো।" দস্তগীর নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। শুক্রবার রাতে আইনজীবী রানা দাশের বাড়ি গিয়ে তার সঙ্গে দেখা করেন মঞ্জু। মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমানের সঙ্গেও দেখা করবেন। ওয়ার্ড কাউন্সিলর মঞ্জু এক সময় বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগে যুক্ত ছিলেন। গত সংসদ নির্বাচনে চট্টগ্রামের একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে তৃতীয় হন তিনি। তাকে সমর্থন দেওয়ায় চট্টগ্রাম মহানগর বিএনপির একটি অংশ প্রথমে ক্ষোভও প্রকাশ করে। চট্টগ্রামে মেয়র পদে বিএনপির রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীও প্রার্থী দিয়েছে। অন্যদিকে সরকারি দলের নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী চতুর্থবারের মতো প্রার্থী হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেবি/এমআই/১৬০০ ঘ.