ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দিতে বিএনপি পায়ে পাড়া দিয়ে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ ।
আওয়ামী লীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটি এবং সহযোগী সংগঠনগুলোর এক যৌথসভা শেষে কথা বলছিলেন তিনি।
"ঢাকার বিভাগীয় মহাসমাবেশে কোনো বাধা এলে তার দায় বর্তমান সরকারকে বহন করতে হবে" বলে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের শনিবারই দেওয়া এক বক্তব্যের জবাবে একথা বলেন হানিফ।
তিনি জানান, তারা চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশালে সমাবেশ করেছে। তাদের কোনো গণতান্ত্রিক কর্মসূচিতে সরকারের পক্ষ থেকে বাধা দেওয়া হয়নি।
হানিফ দাবি করেন, বিএনপি নিজেরাই গোলোযোগ সৃষ্টি করে সরকারের ওপর দোষ চাপাতে চাচ্ছে। তিনি বলেন, "ভোলার নির্বাচনের আগে বিএনপি নেতারা প্রতিদিন সংবাদ সম্মেলন করে দেশবাসীকে বিভ্রান্ত করতে চেয়েছিলো। এখন ঢাকার মহাসমাবেশকে সামনে রেখে আবার তারা সংবাদ সম্মেলন করে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে।"
বিরোধী দলের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতেই বাধা দেওয়া হবে না বলে নিশ্চয়তা দেন হানিফ।
বিএনপি নেতৃত্বের উদ্দেশ্যে তিনি বলেন, "কোনো ষড়যন্ত্র করবেন না। গোলোযোগ সৃষ্টি করে সরকারের ওপর দোষ চাপাবেন না।"
১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি চূড়ান্ত করতে যৌথসভা করে আওয়ামী লীগ। দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে যৌথসভা হয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য, সাংগঠনিক সম্পাদকসহ ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা সভায় উপস্থিত ছিলেন।
১৭ মে সকাল সাড়ে সাতটায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হবে। একই রকম কর্মসূচী দেশব্যাপী পালনের জন্য জেলা আওয়ামী লীগ নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান হানিফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯২২ ঘ.
bdnews24