২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসমাবেশে বাধা এলে দায় সরকারের: দেলোয়ার

ঢাকার বিভাগীয় মহাসমাবেশে কোনো বাধা এলে তার দায় বর্তমান সরকারকে বহন করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2010, 06:52 AM

Updated : 25 Aug 2022, 10:32 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার বিভাগীয় মহাসমাবেশে কোনো বাধা এলে তার দায় বর্তমান সরকারকে বহন করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। শনিবার রাজধানীতে বিএনপির এক যৌথসভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, "আমাদের বিভাগীয় এই মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ। এখনো আমাদের সমাবেশস্থলে সাময়িক বিদ্যুৎ সরবারহের বিষয়ে সুরাহা করেনি সরকার। "আশা করি, সরকার এ ব্যাপারে বাধা দেবে না। যদি বাধা দেয়, তার দায়ভার সরকারের ওপর বর্তাবে।" নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন বিএনপি মহাসচিব। এর আগে শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, ১৯ মে পল্টন ময়দানের মহাসমাবেশে মাইক ও বড় পর্দার মাধ্যমে খালেদা জিয়ার বক্তব্য প্রচারে প্রয়োজনীয় বিদ্যুতের আবেদন ঢাকা পাওয়ার ডিসট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) নাকচ করে দিয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইতিমধ্যে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও বরিশালে মহাসমাবেশ করেছেন। গত ২৯ মার্চ চট্টগ্রাম থেকে ছয় বিভাগে মহাসমাবেশ কর্মসূচি শুরু করেন তিনি। ঢাকার মহাসমাবেশ থেকে সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১২৪৬ ঘ.