ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশের বৈধতার শুনানির বেঞ্চ বদলে এবার প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন খালেদা জিয়া।
মঙ্গলবার আইনজীবী টিএইচ খানের নেতৃত্বে বিএনপি সমর্থক একদল আইনজীবী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল মতিনের কাছে আবেদনটি উপস্থাপন করেন।
প্রধান বিচারপতি মো. ফজলুল করিম দেশে ফিরে আসলে তার কাছে আবেদনটি উপস্থাপনের নির্দেশ দেন মতিন।
বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চ খালেদার রিটের শুনানির জন্য নির্ধারিত।
বেঞ্চ বদলে এ নিয়ে তৃতীয়বারের মতো আবেদন করলেন খালেদা।
গত ৫ মে বেঞ্চ বদলের আবেদন খারিজ করে ইমান ও ওবায়দুলের বেঞ্চ।
এর আগে গত ১৩ এপ্রিলও এ বেঞ্চে শুনানিতে আপত্তি জানান খালেদা। তখনও সেটি নাকচ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমইউএস/পিডি/১৮৫৮ ঘ.
bdnews24