চট্টগ্রাম, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার চট্টগ্রামেও নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
ভোলা-৩ আসনে উপ-নির্বাচন বাতিল ও তিন নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে সারাদেশে এ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখা যৌথভাবে এ কর্মসূচি পালন করলেও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের অনুুসারীরা এতে অংশ নেয়নি।
সকাল ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে নেতা-কর্মীরা রহমতগঞ্জে নির্বাচন কমিশনের জেলা কার্যালয় অভিমুখে মিছিল বের করে। জামাল খান এলাকায় বেলা বারোটার দিকে পুলিশ মিছিলকারীদের বাধা দিলে তারা সেখানে অবস্থান নেয় এবং সমাবেশ করে।
প্রায় আধা ঘন্টাব্যাপী অবস্থানকালে ওই এলাকা ও এর আশপাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে স্কুল ফেরত ও স্কুলগামী শিক্ষার্থী ও অভিভাবকরা দুর্ভোগে পড়ে।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) রেজাউল মাসুদ বলেন, "মিছিল ও সমাবেশ উপলক্ষে নির্বাচন কমিশন কার্যালয় ও এর আশপাশ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।"
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কর্মসূচি চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে মহিলা পুলিশসহ তিন প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়।"
জামাল খানে অনুষ্ঠিত সমাবেশে সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "এ আন্দোলন শুধু নির্বাচন কমিশনারদের পদত্যাগের আন্দোলন নয়। এর মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতনের আন্দোলন শুরু হয়েছে।"
দেশ পরিচালনায় ব্যর্থ সরকারের পদত্যাগের দাবি জানিয়ে তিনি বলেন, "ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা সরকারের পতন ঘটাবো।"
বিএনপি সহিংসতার পথে যেতে চায় না উল্লেখ করে আমীর খসরু বলেন, "আমরা সরকারকে সময় দিচ্ছি। এখন পর্যন্ত হরতালের কোনো কর্মসূচি দিইনি। কিন্তু সরকার এ ব্যাপারে কোনো কর্ণপাত করছে না।"
তিনি বিএনপি নেতা-কর্মীদের প্রতি কঠোর আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহবান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/কেএমএস/১৭৪১ ঘ.
bdnews24