২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে আন্দোলনে নামার চ্যালেঞ্জ মতিয়ার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার বিরোধী আন্দোলনে নামার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2010, 05:59 PM

Updated : 24 Aug 2022, 09:13 PM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার বিরোধী আন্দোলনে নামার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, "সরকার বিরোধী আন্দোলনে নামবেন? নামেন। জনগণ আপনাদের আন্দোলন দেখতে চায়।" গত বুধবার রাজশাহীর সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকার বিরোধী আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। এর জবাবে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া বিরোধী দলীয় নেতাকে এ চ্যালেঞ্জ জানালেন। ২০০৭ সালের ৭ মে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার দিনটি স্মরণে শুক্রবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মতিয়া এ কথা বলেন। খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, "ভোলা নির্বাচনের পর সরকার উল্টিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি পালন করতে গিয়ে নিজেরা মারামারি করেছেন। ঘেরাও কর্মসূচিতে বাংলামটর গিয়ে রথ থেমে গেছে। সেই পার্টির মুখে আন্দোলনের কথা শোভা পায় না।" আওয়ামী লীগ তত্ত্ববাবধায়ক সরকারের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় এসেছে বলে বলে খালেদা জিয়ার বক্তব্যের জবাবে মন্ত্রী বলেন, "আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি এরশাদ জিয়ার হত্যাকারী। কিন্তু, খালেদা জিয়া তার কাছ থেকে বাড়ি এবং ছেলেদের ভরণ-পোষণের টাকা নিয়ে আঁতাত কাকে বলে তার প্রমাণ দিয়েছেন।" যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, যুবলীগ সাধারণ সম্পাদক মির্জা আজম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/ডিডি/এইচএ/২৩৫৫ ঘ.