২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কালো টাকা সাদা করার অভিযোগ ভিত্তিহীন'

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে 'কালো টাকা সাদা করার' কথিত অভিযোগ নাকচ করে দিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2010, 01:54 PM

Updated : 24 Aug 2022, 09:13 PM

ঢাকা, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে 'কালো টাকা সাদা করার' কথিত অভিযোগ নাকচ করে দিয়েছে বিএনপি। শুক্রবার বিকালে এক জরুরি সংবাদ ব্রিফিঙে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই অভিযোগ নাকচ করে দিয়ে বলেন,''এটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন। তিনি মিথ্যাচার করেছেন।'' নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বরগুনায় ন্যাশনাল সার্ভিস কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী অভিযোগ করেন, খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান বিপুল পরিমান কালো টাকা সাদা করেছেন। দুর্নীতি না করলে এত টাকা তারা কোথায় পেলেন? তিনি আরো বলেন, "বিএনপি ভোট চুরি করে ক্ষমতায় গিয়ে জনগণের সম্পদ লুট করেছে। এক কোটি ২৩ লাখ ভূয়া ভোটার করে ওরা আবার ক্ষমতায় আসতে চেয়েছিল। কিন্তু জনগণ তা সফল হতে দেয়নি।" এর জবাবে দেলোয়ার বলেন, ''সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কালো টাকা সাদা করেছেন বলে বৃহস্পতিবার বরগুনায় এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য রেখেছেন তা অসংলগ্ন ও আপত্তিকর। এটি সংকীর্ণ মানসিকতারই বহিঃপ্রকাশ। আমরা প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি।'' বরগুনার জনসভায় প্রধানমন্ত্রী এক-এগারোর জন্য জোট সরকারের দুর্নীতিকে দায়ী করেন। তিনি খালেদা জিয়াকে ইঙ্গিত করে বলেন, ''আপনি ভাঙা স্যুটকেসের মালিক ছিলেন। কিন্তু আপনি আর আপনার সুযোগ্য ছেলে দুর্নীতি না করলে এতো বিপুল পরিমান কালো টাকা কিভাবে সাদা করেছেন। এর জবাব জনগণকে দিতে হবে।" বিএনপি মহাসচিব প্রধানমন্ত্রীর এই অভিযোগ নাকচ করে বলেন, মহাজোট সরকার নিজেদের পাহাড়সমান ব্যর্থতা ঢাকতে যত দোষ নন্দ ঘোষের ওপর চাপিয়ে জনগণকে বিভ্রান্ত করতে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের পথ বেঁছে নিয়েছে। পাল্টা অভিযোগ করে তিনি বলেন, '' লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করে তারা দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে এক-এগারো এনেছেন। তারাই তো বলেছেন, তাদের আন্দোলনের ফসল জরুরি অবস্থার তত্ত্বাবধায়ক সরকার। এখন নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপাতে তারা উল্টো কথা বলছেন।'' জরুরি অবস্থার সময় খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দায়িত্বপালনকারী অ্যাডভোকেট আহমেদ আজম খান প্রধানমন্ত্রীর অভিযোগকে 'কাল্পনিক' বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, খালেদা জিয়া কখনই কালো টাকা সাদা করেননি। রাজস্ব বোর্ডে এর কোনো রেকর্ডও নেই। খালেদা জিয়ার ভাবমূর্তি ক্ষুন্ন করতে প্রধানমন্ত্রী এ ধরনের মন্তব্য করেছেন। জোট সরকারের পাঁচ বছরে জাতীয় গ্রিডে এক মেগাওয়াট বিদ্যুৎও যোগ হয়নি বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাকে 'দুভার্গ্যজনক' বলে অভিহিত করেছেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বরগুনার জনসভায় শেখ হাসিনা জোট সরকারের সমালোচনার সময় এ অভিযোগ করেন। ইকবাল হাসান মাহমুদ দাবি করেন, জোট সরকারের পাঁচ বছরে ১২৭১ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযোজিত করেছে খালেদা জিয়ার সরকার। ২০০৮-০৯ সালের অর্থনৈতিক সমীক্ষার উদ্ধৃত করে তিনি বলেন, '' ২০০১-০২ সালে মোট বিদ্যুৎ উৎপাদন ছিলো ৪০০৫ মেগাওয়াট। জোট সরকার ক্ষমতা ছেড়ে দেওয়ার সময় মোট ৫২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন রেখে এসেছে। কোনো বিদ্যুৎ উৎপাদন না হলে কিভাবে তা বাড়লো?'' সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাংসদ আবুল খায়ের ভূঁইয়া, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৪৯ ঘ.