২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলার প্রতিবাদে শনিবার দেশজুড়ে বিএনপির মিছিল

খালেদা জিয়ার সমাবেশগামী বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগামী শনিবার সারাদেশে মিছিল-সমাবেশ করবে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2010, 09:44 AM

Updated : 24 Aug 2022, 09:12 PM

ঢাকা, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার সমাবেশগামী বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগামী শনিবার সারাদেশে মিছিল-সমাবেশ করবে দলটি। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বৃহস্পতিবার এ কর্মসূচি ঘোষণা করে বলেছেন, বর্তমান সরকার 'স্বৈরাচারী কায়দায়' দেশ চালাচ্ছে। বুধবার রাজশাহীতে খালেদার সমাবেশে যাওয়ার পথে বিভিন্ন স্থানে সরকার সমর্থকরা হামলা চালায় বলে বিএনপি নেতাদের অভিযোগ। নাটোরে হামলায় নিহত হন জাকির হোসেন নামে বগুড়া বিএনপির এক নেতা। এর প্রতিবাদে রোববার বগুড়ায় হরতালের ডাক দিয়েছে স্থানীয় বিএনপি। দেলোয়ার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, "সরকারি দল তাদের কর্মীদের হাতে অস্ত্র তুলে দিয়ে বিরোধী দলের ওপর একের পর এক হামলা চালাচ্ছে। এটা তাদের স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ।" বুধবার রাজশাহীর বিভাগের বিভিন্ন স্থানে হামলায় একজন নিহত হওয়া ছাড়াও শতাধিক আহত হয়েছে এবং অনেকে নিখোঁজ রয়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব। নিহত জাকিরের স্মরণে বিএনপির উদ্যোগে শুক্রবার সারাদেশে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল হবে বলে জানান তিনি। দেলোয়ার বলেন, "সরকার হামলা-মামলা দিয়ে বিরোধী দলকে দাবিয়ে রাখতে চায়। তারা গণতন্ত্রী নয় বলে গণতন্ত্রকে বিশ্বাস করে না।" প্রেস ব্রিফিংয়ে ছিলেন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৩০ ঘ.