ঢাকা, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব কোনো পরিবেশ তৈরি করতে পারছে না বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা-কর্মীরা সাক্ষাৎ করতে গেলে তিনি এই অভিযোগ করেন।
খালেদা জিয়া বলেন, "এ সরকার দেশের শ্রমজীবী মানুষের কল্যাণে কিছুই করেনি। শ্রমিক ছাঁটাই চলছে। কলকারখানা বন্ধ হয়ে যাচেছ। বিনিয়োগ কমে গেছে, কারণ দেশে বিনিয়োগ বান্ধব কোনো পরিবেশ নেই।"
তিনি সারাদেশে শ্রমিক নির্যাতন, ছাঁটাই ও বরখাস্তের কঠোর সমালোচনা করে তা বন্ধের দাবি জানান।
এর আগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নবগঠিত কমিটির নেতা-কর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, "আমরা এখন জনগণের সমস্যা নিয়ে আন্দোলনের কর্মসূচি দিচ্ছি। সময়মত সরকারের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। সবাইকে এখন থেকে সেই আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে।"
তিনি আগামী ৩ মে নির্বাচন কমিশন অভিমুখে মিছিল এবং ৫ মে রাজশাহী, ১২ মে বরিশাল ও ১৯ মে ঢাকায় বিভাগীয় সমাবেশের কথা উল্লেখ করে বলেন, "সরকার জনগণের কাছে দেওয়া কোনো প্রতিশ্র"তি রক্ষা করেনি। তারা সবক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে।"
তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপিকে বিভক্ত করা কথা স্মরণ করে খালেদা জিয়া বলেন, "জরুরি অবস্থার সময়ে আমাদের সংগঠন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে আমরা সক্রিয় ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার কাজে হাতে নিয়েছি।"
ভোলা-৩ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার ব্যাপারে নির্বাচন কমিশনের ব্যর্থতার সমালোচনা করে তিনি বলেন, "এই নির্বাচন সুষ্ঠু করার সুযোগ এসেছিলো নির্বাচন কমিশনের। এটি সুষ্ঠু হলে সরকার উৎখাত হতো। কিন্তু ইসি ও সরকার এক্ষেত্রে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে।"
অনুষ্ঠানে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক শরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
মে দিবস ও শ্রমিক দলের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খান, সিনিয়র সহসভাপতি আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক জাফরুল হাসান, কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম খানের নেতৃত্বে নেতা-কর্মীরা ফুল দিয়ে খালেদা জিয়াকে অভিনন্দন জানান।
শ্রমিক দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী রোববার। এ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন খালেদা জিয়া। তিনি শ্রমিক দলের নেতা-কর্মীদের শুভেচ্ছাও জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/টিআর/২৩০৮ ঘ.
bdnews24