ভোলা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওনকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বেসরকারি ফলাফলে তিনি বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদের চেয়ে ৫০ হাজারের বেশি ভোট পেয়েছেন।
ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার রোববার দুপুরে তার কার্যালয়ে শাওনকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেন।
সেখানে শাওনের প্রতিনিধি উপস্থিত থাকলেও ছিলেন না হাফিজের প্রতিনিধি। বিএনপি ইতিমধ্যে এ নির্বাচনের বাতিলের দাবি জানিয়েছে।
রিটার্নিং কর্মকর্তা জানান, লালমোহন ও তজুমদ্দিন উপজেলা মিলিয়ে এ আসনে মোট ৬৭ দশমিক ১৭ শতাংশ ভোট গ্রহণ হয়েছে।
শনিবারের নির্বাচনে ২ লাখ ৩৪ হাজার ৯২৬ জন ভোটারের মধ্যে ভোট দেন ১ লাখ ৩৬ হাজার ৫৩১ জন।
শাওন পেয়েছেন ৯৩ হাজার ৮৭৩ ভোট। অন্যদিকে হাফিজ পেয়েছেন ৪২ হাজার ৬৫৮ ভোট।
মোট ৮৬টি ভোট কেন্দ্রের মধ্যে গোলযোগের কারণে ৯টিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়। স্থগিত কেন্দ্রগুলোর মোট ভোটের সংখ্যা ৩১ হাজার ৫৬৬। তবে দুই প্রার্থীর ভোটের ব্যবধান এ সংখ্যার চেয়ে বেশি হওয়ায় শাওনকে বিজয়ী ঘোষণা করেছে ইসি।
নির্বাচনী এলাকায় যে কোনো ধরনের সহিংসতা এড়াতে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে রিটার্নিং কর্মকর্তা জানান।
২০০৮ সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে হাফিজ ৮৩ হাজার ১২৭ ভোট পেয়ে পরাজিত হন। বিজয়ী আওয়ামী লীগের মো. জসিমউদ্দিন পান ৯৬ হাজার ৪৮৪ ভোট। পরে জসিমউদ্দিনের প্রার্থিতা বাতিল হওয়ায় সেখানে উপনির্বাচন হলো।
ইসি বলছে, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে।
বিএনপি ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছে। তারা বলছে, সেখানে ব্যাপক অনিয়ম হয়েছে।
অন্যদিকে নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে ফলাফল মেনে নেওয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে মতাসীন দল আওয়ামী লীগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এমআই/১২৪৫ ঘ.
bdnews24