ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছে বিএনপি।
নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই তা প্রত্যাখ্যান করেছে তারা।
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।
বিএনপি প্রার্থী হাফিজউদ্দিন আহমেদের অভিযোগ, সেখানে তার পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয় বিএনপি সমর্থকদের।
তবে মতাসীন আওয়ামী লীগ বলছে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। ফলাফল মেনে নেওয়ার জন্য বিরোধী দল বিএনপির প্রতি আহ্বানও জানিয়েছে তারা।
ভোলায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফলাফল প্রত্যাখ্যানের আগাম ঘোষণা দেয় বিএনপি।
দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, "এ নির্বাচনের ফলাফল বিএনপি প্রত্যাখ্যান করবে। ফল বাতিল করে নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারসহ দুই কমিশনারের পদত্যাগ চাই আমরা।"
ভোলায় একতরফা নির্বাচন হয়েছে দাবি করে সাবেক সংসদ সদস্য আব্বাস বলেন, "৫৭টি কেন্দ্র থেকে আমাদেও প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এ থেকে স্পষ্ট হয়, এ নির্বাচন একপীয়।"
লালমোহন ও তজুমদ্দিন উপজেলা মিলিয়ে ওই নির্বাচনী আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৮৬টি।
বিএনপি অভিযোগ করলেও আওয়ামী লীগ দাবি করছে, বিএনপির পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার বিষয়ে সরকারি দলের কোনো সংশ্লিষ্টতা নেই।
ভোলায় আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণার সমন্বয়ক সংসদ সদস্য তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, " "পূর্ব পরিকল্পনা অনুযায়ীই তারা (বিএনপি) বহিরাগতদের এজেন্ট করেছিলো। কিন্তু বহিরাগতরা তো নির্বাচনের কাজে অংশ নিতে পারে না। তাই তাদের দেখা যায়নি। আর এটাকেই তারা ইস্যু করতে চাইছে।"
মির্জা আব্বাস বলেন, "ভোলায় ভোট কেন্দ্র ও এজেন্ট ছিনতাইয়ের মাধ্যমে আওয়ামী লীগ নতুন নজির সৃষ্টি করেছে।"
ভোলায় কারচুপি হলে সরকারবিরোধী আন্দোলনের হুমকি দিয়ে আসছিলো বিএনপি। এখন কারচুপির অভিযোগ আনার পর দলের প থেকে কী কর্মসূচি দেওয়া হবে- জানতে চাওয়া হলে আব্বাস বলেন, এ নিয়ে দলে আলোচনার পর কর্মসূচি দেওয়া হবে।
ফলাফল প্রচারের সময় ইসি সচিবালয়ে একটি প্রতিনিধি দল পাঠানোর জন্য ইসির প থেকে বিএনপিকে অনুরোধ করা হলেও তা প্রত্যাখ্যান করেছে দলটি।
এর আগে সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি সচিবালয়ে গিয়ে সিইসির সঙ্গে দেখা করে। তারা অভিযোগ করেন, ভোলায় বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।
তারা বিভিন্ন 'অনিয়মের' কথা সঙ্গে সঙ্গে জানানোর জন্য ইসি সচিবালয়ে থাকার সুযোগ চেয়েছিলেন। তবে প্রতিদ্বন্দ্বী অন্য দল আওয়ামী লীগ সেখানে না থাকায় ইসি তাতে রাজি হয়নি।
নয়া পল্টনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, উপদেষ্টা পরিষদের সদস্য আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ, রিজভী আহমেদ, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন প্রমুখ।
এরপর বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে। মিছিল থেকে নির্বাচন বাতিলের স্লোগান দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮২৫ ঘ.
bdnews24