ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম)- সরকার দলীয় চিফ হুইপ আবদুস শহীদ বলেছেন, এ বছর ভারতের সঙ্গে স্বাক্ষরিত তিনটি চুক্তি নিয়ে সংসদে আলোচনা করবে আওয়ামী লীগ।
দু'দেশের মধ্যে অপরাধ সংক্রান্ত সহযোগিতা চুক্তিগুলো নিয়ে আলোচনার দাবি জানিয়ে আসছিল প্রধান বিরোধীদল বিএনপি।
এ বছর ১০-১৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে স্বাক্ষরিত চুক্তিগুলো নিয়ে সংসদে আলোচনার জন্য বিএনপি ও তার শরিক দলগুলো বেশ কয়েকটি নোটিশ দিয়েছে। কিন্তু সংসদের সদ্য সমাপ্ত চতুর্থ অধিবেশনে স্পিকার সে সব নোটিশের কোনটিই গ্রহণ করেন নি।
রোববার সোনারগাঁও হোটেলে এক আলোচনা সভায় আব্দুস শহীদ প্রধান অতিথির বক্তৃতায় বলেন ''আমরা সংসদের পরবর্তী অধিবেশনে ভারতের সঙ্গে স্বাক্ষরিত তিনটি চুক্তি নিয়ে আলোচনা করব, কিন্তু আমরা জানি না বিরোধী দল বিএনপি তাতে যোগ দেবে কিনা।"
ভুটানে অনুষ্ঠেয় আসন্ন সার্ক সম্মেলনকে সামনে রেখে কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিক্যাব এবং পাঁচটি বেসরকারী সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে এ ব্যাপারে সম্মতি দিয়েছেন বলে জানান আবদুস শহীদ।
তিনি বলেন, সংসদের কার্য উপদেষ্টা কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, ক্ষমতাসীন ও বিরোধীদল চাইলে যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে। স্পিকারের নেতৃত্বাধীন কার্য উপদেষ্টা কমিটিতে সব দলের প্রতিনিধিত্ব রয়েছে এবং এই কমিটি সংসদের প্রত্যেক অধিবেশনের মেয়াদ নির্ধারণ করে। এছাড়া, সংসদে কোন বিষয়ে কতক্ষণ আলোচনা হবে সে ব্যাপারেও সিদ্ধান্ত দেয়।
তবে চিফ হুইপের এই মন্তব্যকে 'বিশ্বাসযোগ্য নয়' বলে অভিহিত করেছে প্রধান বিরোধীদল বিএনপি।
বিরোধীদলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে খুলনা থেকে ফোনে বলেন, তিনি বিশ্বাস করেন না এমন ধরনের কোনো আলোচনা হবে।
"আওয়ামী লীগ যা বলে তা বিশ্বাস করে না। আওয়ামী লীগ তার দেওয়া সব প্রতিশ্র"তি ভঙ্গ করেছে", বলেন ফারুক।
''এই ইস্যুতে তারা আমাদের সব নোটিশ প্রত্যাখ্যান করেছে। এখন আমরা কি বিশ্বাস করতে পারি যে তারা এ বিষয়ে আলোচনা করবে?" এ প্রশ্ন রাখেন তিনি।
তিনি বলেন, সরকারকে প্রথমে বিদ্যুৎ, গ্যাস ও পানি সমস্যার সমাধান করতে হবে, তারপর আমাদের আলোচনায় ডাকতে হবে।
শেখ হাসিনার ভারত সফরকালে গত ১১ জুন নয়া দিল্লিতে ভারতের সঙ্গে পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিগুলো হচ্ছে: ''অ্যাগ্রিমেন্ট অন মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিস্টেন্স অন ক্রিমিনাল ম্যাটারস'', ''অ্যাগ্রিমেন্ট অন দ্য ট্রান্সফার অব সেনটেন্সড পারসনস'', ''অ্যাগ্রিমেন্ট অন কমব্যাটিং ইন্টারন্যাশনাল টেরোরিজম'', ''অরগানাইজড ক্রাইম অ্যান্ড ইলিসিট ড্রাগ ট্রাফিকিং'', ''মেমোর্যান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং অন কোপারেশন ইন পাওয়ার সেক্টর'' এবং ''কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম''।
এই পাঁচটি চুক্তির মধ্যে বিরোধী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী অপরাধ বিষয়ক তিনটি চুক্তির বিষয়ে আপত্তি জানিয়েছে।
তারা সংসদে চুক্তিগুলোর বিরোধিতা করে বলেছে, এই চুক্তির মাধ্যমে সরকার ভারতকে তার বিভিন্ন অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র আন্দোলন দমন করার সুবিধা দিয়েছে। তারা আরো অভিযোগ করে যে, অপরাধ বিষয়ক চুক্তি তিনটি ভারতের স্বার্থই রক্ষা করবে, বাংলাদেশ এগুলো থেকে কোনো সুবিধা পাবে না।
অবশ্য সরকার এ সব অভিযোগ নাকচ করে দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেবি/এইচএ/২০২৭ ঘ.
bdnews24