সিলেট, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির একটি মামলায় সিলেটের আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
প্রধানমন্ত্রীর ছেলে সজিব আহমেদ ওয়াজেদের বিরুদ্ধে ভিওআইপি সংশ্লিষ্টতার অভিযোগ আনার পর ফারুকের বিরুদ্ধে সিলেটেও একটি মামলা হয়।
দেশের বিভিন্ন স্থানে দায়ের করা এসব মামলায় ফারুক আগাম জামিনের আবেদন করলে হাইকোর্ট তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের আদেশ দেয়।
সে অনুযায়ী রোববার দুপুরে সিলেটের বিচার বিভাগীয় মুখ্য হাকিমের আদালতে হাজির হন বিএনপির প্রচার সম্পাদক ফারুক। তিনি জামিন চাইলে হাকিম মো. আমির উদ্দিন তা মঞ্জুর করেন।
গত ১৬ মার্চ সিলেটে ফারুকের বিরুদ্ধে এ মামলা করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সফিউল আলম চৌধুরী নাদেল।
বাদির আইনজীবী আতর আলী সাংবাদিকদের বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে ১৫ এপ্রিল বিবাদিকে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন।
ওই তারিখের চার দিন আগেই আত্মসমর্পণ করেন ফারুক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আইআই/১৪৪০ ঘ.
bdnews24