ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১৫ সালের মধ্যে দেশে নয় হাজার ২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ অর্থনৈতিক সমিতির ১৭তম দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
দ্বিবার্ষিক এ সম্মেলনে এবারের প্রতিপাদ্য, 'মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীর অর্থনীতি: কেমন বাংলাদেশ দেখতে চাই'।
"বিদ্যুৎ সমস্যা মোকাবেলায় স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদী প্রকল্প নেওয়া হয়েছে," জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "২০১৫ সালে বিদ্যুৎ সমস্যার পুরোপুরি সমাধান হবে। তখন দেশে নয় হাজার ২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।"
দ্রুততম সময়ের মধ্যে দারিদ্র বিমোচন করে দেশবাসীকে একটি সুন্দর জীবন দেওয়ার লক্ষ্যে অর্থনীতিবিদদের সহযোগিতা চান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, "যারা প্রচুর সম্পদের মালিক, তাদের জন্য নয়। আমরা ভূমিহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে প্রতিটি পদক্ষেপ নিয়েছি।
"শুধু প্রবৃদ্ধি অর্জন করলেই হবে না, প্রবৃদ্ধির ফসল যেন দরিদ্র মানুষের ঘরে পৌঁছায় তার উপায় বের করতে হবে।"
দাতাগোষ্ঠীর আপত্তি সত্ত্বেও গতবারের মতো এবারো সরকার কৃষিখাতে ভর্তুকি দিয়েছে বলে জানান তিনি।
এবারই প্রথম বাংলাদেশ অর্থনৈতিক সমিতি দেশের প্রয়াত তিন বিশিষ্ঠ ব্যক্তিকে স্বর্ণপদক সম্মাননা দেয়।
সাবেক অর্থমন্ত্রী শাহ এসএএমএস কিবরিয়া, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. স্বদেশ রঞ্জন বোস এবং সাংবাদিক বজলুর রহমানকে এই পদক দেওয়া হয়।
কিবরিয়ার পক্ষে তার স্ত্রী আসমা কিবরিয়া, স্বদেশ রঞ্জনের ছেলে জসিম আহমেদ এবং বজলুর রহমানের পক্ষে স্ত্রী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রধানমন্ত্রীর হাত থেকে নেন।
বাংলাদেশ অর্থনীতি সমিতির 'ঢাকা স্কুল অব ইকোনোমিকস' প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী ঢাকার কাছেই পাঁচ বিঘা জমি বরাদ্দের ঘোষণা দেন।
সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, "যে পরিকল্পনার কথা ঘোষণা করেছেন, তা বাস্তবায়ন করতে আরেক মেয়াদে আপনাকে প্রধানমন্ত্রী হতে হবে।"
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক ড. আবুল বারকাত এবং সম্মেলন কমিটির আহবায়ক ড. আশরাফ উদ্দিন চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/সিআর/পিডি/১৭২৪ ঘ.
bdnews24