২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগনেতা গ্রেপ্তারের ঘটনায় থানা ঘেরাও

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবলীগ নেতাকে গ্রেপ্তারের ঘটনায় রোববার ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানা ঘেরাও করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2010, 06:23 PM

Updated : 24 Aug 2022, 08:09 PM

সাতক্ষীরা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবলীগ নেতাকে গ্রেপ্তারের ঘটনায় রোববার ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানা ঘেরাও করে। তারা ৪৮ ঘণ্টার মধ্যে থানার ওসি ও এক উপ-পরিদর্শককে (এসআই) অপসারণের দাবি জানায়। অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তাকে গণপিটুনি দেওয়ার ঘটনায় শনিবার উপজেলা যুবলীগ সভাপতি আবদুল কাদের ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এ খবর শোনার পর সংগঠনের নেতাকর্মীরা মধ্যরাতে থানা ঘেরাও করে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ তাকে রাতেই সাতক্ষীরায় পাঠিয়ে দেয়। রোববার যুবলীগ নেতা কাদের ও তার দুই সহযোগী আবদুল জলিল ও শহীদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান শ্যামনগর থানার ওসি ফজলুর রহমান। তিনি জানান, শনিবারের ঘটনায় থানায় দু'টি মামলা হয়েছে। একটির বাদি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোশারফ হোসেন। অপর মামলার বাদি থানার উপ-পরিদর্শক আবু জাফর। শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান জগলুল হায়দার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কালিগঞ্জ সার্কেলের পরিদর্শক মোশাররফ হোসেন উপজেলার বংশীপুরে এক মাদক কারবারীর বাড়ি গিয়ে তার স্ত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হন। ঘটনা জানাজানি হলে গ্রামবাসী ওই বাড়ি ঘেরাও করে মোশাররফকে পেটায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল কাদের তাকে জনরোষ থেকে রক্ষা করে শ্যামনগর পাঠিয়ে দেন বলে উপজেলা চেয়ারম্যান দাবি করেন। যুবলীগ নেতাকর্মীরা জানান, রাতে মামলা হওয়ার খবর পেয়ে কাদেরসহ দলের কয়েকজন শ্যামনগর থানায় যান। সেখানে তাদের সঙ্গে এসআই আবু জাফরের কথা কাটাকাটি হয়। এ সময় তদের মধ্যে হাতাহাতি হয়। এসময় থানার একটি টেবিলের কাচ ও আসবাবপত্র ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ কাদেরসহ তিনজনকে থানায় আটকে রাখে। কাদের মারধর করে তার দুটি আঙুল ভেঙে দেওয়া হয়েছে বলে নেতাকর্মীরা অভিযোগ করেন। খবর পেয়ে ওই রাতেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানা ঘেরাও করেন। তারা যুবলীগ সভাপতি কাদেরের নিঃশর্ত মুক্তি দাবি করেন। রোববার সকালে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ, ওলামা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি জগলুল হায়দার, সাধারণ সম্পাদক গাজী আনিসুজ্জামান, চেয়ারম্যান শফিউল আযম লেনিন ও সাবেক সংসদ সদস্য এ কে ফজলুল হক, জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে তারা উপজেলা সদরে মিছিল সমাবেশ করে। এসময় নেতাকর্মীরা যুবলীগ সভাপতি আব্দুল কাদেরের মুক্তি এবং ৪৮ ঘন্টার মধ্যে ওসি ফজলুর রহমান ও এসআই আবু জাফরের অপসারণ দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০১৭ ঘ.