ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচারে বিএনপির আপত্তি নেই জানিয়ে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, যুদ্ধাপরাধের বিচার নিয়ে জনগণকে বিভ্রান্ত করতেই সরকারি দল তাদের বিরুদ্ধে 'অবান্তর' মন্তব্য করছে।
যুদ্ধাপরাধের বিচার নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দেওয়া এক বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বৃহস্পতিবার একথা বলেন।
তিনি বলেন, "অসৎ উদ্দেশ্য আড়াল করে জনমতকে বিভ্রান্ত করতে সরকারি দল বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা বলে যাচ্ছে।
"আমরা বার বার বলে আসছি, প্রকৃত যুদ্ধাপরাধীর বিচারে আমাদের কোনো আপত্তি নেই। এটা আমাদের দলের অবস্থান। কিন্তু যেভাবে সরকার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিচার প্রক্রিয়া চালাচ্ছে, তাতে কীভাবে নিরপেক্ষ তদন্ত হবে?"
সৈয়দ আশরাফ গত ৩০ মার্চ সাংবাদিকদের বলেন, বিএনপি যুদ্ধাপরাধের বিচারকে বানচাল করতে আন্দোলনের হুমকি দিচ্ছে, ষড়যন্ত্র করছে। তারা চায় না যুদ্ধাপরাধীর বিচার হোক।
রাজধানীর আরমানিটোলার বাসভবনে সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে দেলোয়ার বলেন, "তত্ত্বাবধায়ক সরকার আমলে শেরেবাংলা নগরে যেরূপ আদালত বসে বিচারানুষ্ঠান হয়েছে, সেই আদলেই যুদ্ধাপরাধীর বিচারে আদালত স্থাপন করা হয়েছে।
"ওইরূপ আদালত হলে, তদন্ত সংস্থা ও কৌঁসুলীদের ক্ষেত্রে দলীয় পরিচয় প্রকাশ পেলে নিরপেক্ষ তদন্ত হবে কীভাবে। সেক্ষেত্রে বিচার নিয়ে প্রশ্ন উঠবেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24