২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিচারে আপত্তি নেই, তবে স্বচ্ছতা চাই'

একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে আপত্তি নেই বিএনপির, যদি তা স্বচ্ছ হয়- এ কথা বলেছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2010, 05:37 AM

Updated : 24 Aug 2022, 07:54 PM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে আপত্তি নেই বিএনপির, তবে এ বিচার প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে। এ কথা বলেছেন প্রধান বিরোধী দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। যুদ্ধাপরাধ বিচারে বিচারক প্যানেল, তদন্ত কর্মকর্তা ও আইনজীবীদের নাম প্রকাশের একদিন পর শুক্রবার তিনি সাংবাদিকদের একথা বলেন। "তবে বিচার প্রক্রিয়া স্বচ্ছ হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে জনমনে", যোগ করেন বিএনপি মহাসচিব। যদিও সরকার বলছে, স্বচ্ছতা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই এ বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বিএনপির অন্যতম রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলো। দলটির শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধেও য্দ্ধুাপরাধের অভিযোগ রয়েছে, এ জন্য তাকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে ইতিপূর্বে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছিলেন। একাত্তরের যুদ্ধাপরাধীর তালিকা তৈরির কথা এর আগে সরকারের কয়েকজন মন্ত্রী জানালেও পরে বলা হয়, এটা তদন্ত সংস্থাই ঠিক করবে। তবে চিহ্নিত যুদ্ধাপরাধীদের পালানোর সুযোগ দেওয়া হবে না বলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন শুক্রবার জানিয়েছেন। স্বাধীনতা দিবসে সকালে স্মৃতিসৌধে ফুল দেওয়ার পর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক জিয়াউর রহমানের কবরে খালেদা জিয়ার নেতৃত্বে ফুল দেয় দলের নেতা-কর্মীরা। ফুল দেওয়ার পর খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের বলেন, "স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত যুদ্ধাপরাধীর বিচার হলে তাতে কারো কোনো আপত্তি থাকবে না।" মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা করায় সরকারের পরিকল্পনার সমালোচনাও করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, বারবারে মুক্তিযোদ্ধার তালিকা পরিবর্তন করায় এ তালিকা নিয়েই এখন প্রশ্ন উঠছে। "একাত্তর সালে যুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের যে তালিকাটি হয়েছিলো, তা কোথায়", সরকারের প্রতি প্রশ্ন রাখেন তিনি। বর্তমান সরকারও 'রাজনৈতিক উদ্দেশ্যে' নতুন তালিকা করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি। জিয়ার কবরে ফুল দেওয়ার সময় খালেদা জিয়ার সঙ্গে আরো ছিলেন দলের স্থায়ী কমিটির খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খান, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা প্রমুখ। ফুল দেওয়ার পর মোনাজাতও করেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১৩০ ঘ.