ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাকশাল প্রতিষ্ঠা করে গণতন্ত্র হত্যা করা বঙ্গবন্ধুর ভুল সিদ্ধান্ত ছিলো বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় মোশাররফ বলেন, "তিনি (বঙ্গবন্ধু) বাকশাল প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে হত্যা করেছেন, এটা দেশের মানুষ মেনে নেয়নি। ওই সিদ্ধান্তটি তার ভুল ছিল।"
"মুক্তিযুদ্ধে যার যেখানে অবদান তাকে মূল্যায়ন করতে হবে," মন্তব্য করে তিনি বলেন, "কাউকে অবমূল্যায়ন করা যাবে না।
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেশকে সামনের দিকে এগিয়ে নিতে 'অতীত বির্তক' ভুলে যাওয়ারও আহবান জানন তিনি।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে সমালোচনা করেন তিনি। প্রশাসনের সব স্তরে দলীয়করণ হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
জাতীয় সংসদকে অকার্যকর করার জন্য সরকারি দলকে দায়ী করেন তিনি।
এনডিপির সভাপতি খোন্দকার গোলাম মোর্তজার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, এনডিপির মহাসচিব আবদুল লতিফ নেজামী, জাগপা'র সভপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ জাতীয় পার্টি (মতিন) মহাসচিব আবু নাসের মো. রহমাতুল্লাহ, ন্যাপের মহাসচিব গোলাম মুস্তফা ভূঁইয়া, পিডিপি'র এ টি এম আলমগীর প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ইসলামি ঐক্যজোটের সিনিয়র সহসভাপতি মাওলানা মহীউদ্দিন খানও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮৩৩ ঘ.
bdnews24