চট্টগ্রাম, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ঘাটফরহাদবেগ এলাকা থেকে ছাত্র শিবিরকর্মী সন্দেহে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ছয় যুবককে সোমবার আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- ইশতিয়াক রেজা রিজভি (২৪), মইনুল হোসেন রুপক (২৫), সৈয়দ মো. মঈনুদ্দিন (২৩), মোস্তফা আরাফ (২৩), মোজাম্মেল হোসেন সবুজ (২৩) ও রাশেদ চৌধুরী (৩০)।
গ্রেপ্তারদের মধ্যে রাশেদ ছাড়া বাকিরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।
রাত সাড়ে আটটা নাগাদ ঘাটফরহাদবেগ এলাকার গুলিস্তান আবাসিক এলাকার একটি ভবনের সপ্তম তলার চিলে কোঠা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানায়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রশিবিরের কয়েকজন কর্মী মঈনুদ্দিনের বাসার ছাদে চিলেকোঠায় গোপন বেঠক করছে সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে উল্লেখ করে ওসি জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের পরবর্তীতে গ্রেপ্তার দেখানো হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২২৩৫ ঘ.
bdnews24