নওগাঁ, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ গোরস্তানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী।
শনিবার দুপুরে নওগাঁয় বিএনপি'র তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি সাংসদ ও স্থায়ী কমিটির এই সদস্য বলেন, "জাতীয় সংসদ এখন গোরস্তানে পরিণত হয়েছে। সেখানে শুধু মরা মানুষদের নিয়ে আলোচনা হয়। এখন কেবল আগরবাতি দেওয়া বাকি রয়েছে।
"এই সংসদে গিয়ে আমরা মানুষের প্রত্যাশা পূরণের কথা বলতে পারি না। এজন্য আমরা সংসদে যেতে চাই না।"
এ সরকার শুধু বিচার সম্পাদন এবং ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন- এই দু'টি কাজ নিয়ে ব্যস্ত রয়েছে মন্তব্য করে সালাউদ্দিন চৌধুরী বলেন. এ কারণে বিগত নির্বাচনে করা ওয়াদামতো ১০ টাকা কেজি চাল, বিনামূল্যে সার সরবরাহ এবং প্রত্যেক বাড়িতে একজনের চাকুরি নিশ্চিত করার কথা ভুলে গেছে।
জরুরি অবস্থা জারির কথা তুলে ধরে এই বিএনপি নেতা বলেন, ২০০৭ সালের ১১ জানুয়ারি এদেশে অলিখিত সামরিক অভ্যুত্থান হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর যারা ক্ষমতায় ছিল তারা ছিল বর্তমান সরকারের প্রতিচ্ছায়া।
শহরের মুক্তি সিনেমা হলে জেলা বিএনপি আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভায় জেলা সভাপতি সামসুজ্জোহা খান'র সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ. জেড. এম জাহিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, জেলা সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জিএনএ/১৯১০ ঘ.
bdnews24