চট্টগ্রাম, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে খালেদা জিয়ার জনসভা নিয়ে প্রশাসন হয়রানি করছে বলে অভিযোগ তুলেছে চট্টগ্রাম বিএনপি।
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, "সরকার ষড়যন্ত্র করেই ২৭ মার্চ আউটার স্টেডিয়ামে বিএনপিকে মহাসমাবেশের অনুমতি দেয়নি।"
এ কারণে ২৯ মার্চ লালদীঘি ময়দানে জনসভা করার পরিকল্পনা করা হয়েছে বলে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান।
সাবেক মন্ত্রী আমীর খসরু বলেন, "২৭ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে স্বাধীনতার 'ঘোষণা' দিয়েছিলেন। এ ঐতিহাসিক দিনে চট্টগ্রামে বিএনপি সমাবেশ করুক সরকার তা চায় না।"
"তবে কোনো ধরনের সংঘর্ষে না গিয়ে বিএনপি ২৯ মার্চ লালদীঘিতে মহাসমাবেশ করবে", বলেন তিনি।
বিএনপি কেন্দ্রীয়ভাবে দেশের পাঁচটি বিভাগে জনসভা করছে। প্রতিটি জনসভায় দলের চেয়ারপারসন খালেদার বক্তব্য রাখার কথা। চট্টগ্রামের জনসভায় বিরোধীদলীয় নেতা খালেদা আন্দোলনের ঘোষণা দেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
২৭ মার্চ চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে জনসভা করার পরিকল্পনা থাকলেও সেদিন চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্কাউটিংয়ের জন্য ওই মাঠ বরাদ্দ নেয়। পরে বিএনপি ২৯ মার্চ জনসভা করতে চাইলেও অনুমতি মেলেনি বলে আমীর খসরুর অভিযোগ।
তিনি প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে বলেন, "আপনারা প্রজাতন্ত্রের সেবক হিসেবে কাজ করুন, কোনো দলের 'ক্যাডার' হিসেবে নয়।"
চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলার সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, বিএনপি নেতা কামালউদ্দিন চৌধুরী, এসএম ফজলুল হক, দস্তগীর চৌধুরী, শাহাদাত হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩১৬ ঘ.
bdnews24