ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারে জনগণকে দেওয়া প্রতিশ্র"তি বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বুধবার বিকালে এক আলোচনা সভায় আশরাফুল বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশ্র"তি বাস্তবায়নে আমরা আপনাদের সহযোগিতা চাই।"
বঙ্গবন্ধুর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ এ সভা আয়োজন করে।
যুদ্ধাপরাধীদের বিচারকে সামনে রেখে দেশবাসীকে ঐক্য ও ইস্পাত কঠিন দৃঢ় মনোবল ধরে রাখার আহবান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল।
তিনি বলেন, "বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান তথাকথিত বাংলাদেশী জাতীয়তাবাদ সৃষ্টি করে জাতিকে বিভক্ত করেছে। এখন অনেকে অনেক কথা বলবে- 'যুদ্ধাপরাধীদের বিচার করলে জাতি বিভক্ত হবে। কিছু কিছু দেশ আমাদের ওপর ক্ষুব্ধ হবে।' অনেকে বলবে- 'যুদ্ধাপরাধীদের বিচার করলে কী চালের দাম কমবে, বিদ্যুৎ আসবে ?' এভাবে আমাদের বিভ্রান্ত ও আতঙ্কিত করতে চাইবে।"
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী কোনো দলের নাম উল্লেখ না করে বলেন, "বন্দুকের নল থেকে যাদের সৃষ্টি হয়েছে তারা নেতা সেজে বসেছে।"
লতিফ সিদ্দিকী আত্মসমালোচনা করে বলেন, "আমাদের অনৈক্যের কারণেই বঙ্গবন্ধুকে হত্যা করার পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো।"
মধ্যবর্তী নির্বাচন দাবি করে বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের বক্তব্য প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "মধ্যবর্তী নির্বাচন কি মামার বাড়ির আবদার? মধ্যবর্তী নির্বাচন কী মেপে দেখেছেন?"
ছাত্রলীগকে উদ্দেশ করে তিনি বলেন, "ছাত্রলীগকে ইতিহাসের দায়িত্ব পালন করতে হবে।"
সরকারের জনপ্রিয়তা যাচাইয়ে বিএনপি মধ্যবর্তী নির্বাচনের যে দাবি জানিয়েছে তার তীব্র সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-হানিফ।
তিনি বলেন, "হঠাৎ করে তাদের (বিরোধী দলের) মাথা খারাপ হয়ে গেছে। কারণ, আমরা যুদ্ধাপরাধীদের বিচার করবো। জামায়াতের অনেক বড় বড় নেতা কাঠগড়ায় দাঁড়াবে। বিএনপিরও অনেক প্রথম নাতির নেতা কাঠগড়ায় দাঁড়াবে।"
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের কৃষি বিষয় সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, তথ্য প্রযুক্তি ও যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইয়াফেস ওসমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আবু সাইদ আল মাহমুদ স্বপন ও খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০২৭ ঘ.
bdnews24