যশোর, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে ছাত্রলীগ নেতা রিপন হোসেন হত্যার ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারকে দায়ী করেছেন সংসদ সদস্য খালেদুর রহমান টিটো।
অপরদিকে ছাত্রলীগের একাংশ সংগঠনের সম্মেলনে বোমাবাজি ও গুলির ঘটনার জন্য খালেদুর রহমান টিটো ও সাবেক জেলা সাধারণ সম্পাদক শরীফ আব্দুর রাকিবকে দায়ী করেছে।
শনিবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে ব্যাপক গোলাগুলি ও বোমাবাজির মধ্যে জেলা ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন পণ্ড হয়ে যায়। পরদিন শহরতলীর ফেকুটিয়া রঘুনাথপুর কাঠালতলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সংগঠনটির সদর উপজেলা শাখার আহ্বায়ক রিপন হোসেন নিহত হন।
মঙ্গলবার দুপুর ১২টায় যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে যশোর-৩ (সদর) আসনের সাংসদ খালেদুর রহমান টিটো বলেন, "যশোরকে অশান্ত করে তোলার পিছনে ওই নেতার (শাহিন চাকলাদার) হাত রয়েছে।"
তিনি বলেন, "ছাত্রলীগ নেতা রিপন খুনের পর ওই রাতে পুলিশ চিহ্নিত সন্ত্রাসী দাতাল বাবুকে গ্রেপ্তার করে। কিন্তু শাহিন চাকলার তাকে ছাড়িয়ে নেন। এর আগে মবজেল নামে অপর এক সন্ত্রাসী বন্দুকসহ আটক হলে তাকেও থানা থেকে ছাড়িয়ে আনেন তিনি।
"রিপন হত্যা মামলার এজাহারে যে শাহারুলের কথা উল্লেখ করা হয়েছে সেও শাহিন চাকলাদারের ছত্রছায়ায় থাকে। অথচ ওই খুনের দায়ভার আমাদের ঘাড়ে চাপিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- দলের সিনিয়র সহ-সভাপতি পিযুষ কান্তি ভট্টাচার্য, সাবেক সাধারণ সম্পাদক শরীফ আব্দুর রাকিব, সহ-সভাপতি এজেডএম ফিরোজ, সহ-সভাপতি পৌর মেয়র এসএম কামরুজ্জামান চুন্নু, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান আব্দার, দলের সদর উপজেলা সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক মেহেদি হাসান মিন্টু, পৌর সভাপতি আবুল হোসেন, জেলা যুবলীগ সভাপতি মোস্তফা ফরিদ আহমদ, জেলা ছাত্রলীগ সভাপতি সুখেন মজুমদার প্রমুখ।
এ ব্যাপারে জেলা সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার বলেন, "তিনি একজন সিনিয়র নেতা। তার সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই। কে সন্ত্রাস লালনপালন করছে, আর কে করছে না তা যশোরবাসী ভালো জানে।"
টিটুর সংবাদ সম্মেলনের আড়াই ঘণ্টা পর সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের একটি অংশ শনিবারের বোমাবাজির জন্য খালেদুর রহমান টিটো ও সাবেক সাধারণ সম্পাদক শরীফ আব্দুর রাকিবকে দায়ী করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বলেন, কমিটি নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে তাদের নির্দেশেই হামলার ঘটনা ঘটে।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি বিপ্লব কুমার সরকার, যুগ্ম সম্পাদক লুৎফুল কবীর বিজু, দপ্তর সম্পাদক ফয়সাল খান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৫ ঘ.
bdnews24