২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইডেনের চার ছাত্রলীগনেত্রী বহিষ্কার

আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের একদিন পর ইডেন কলেজ ছাত্রলীগের চার নেত্রীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2010, 11:56 AM

Updated : 24 Aug 2022, 07:30 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের একদিন পর ইডেন কলেজ ছাত্রলীগের চার নেত্রীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন- কলেজ শাখার সহসভাপতি চম্পা খাতুন, সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মী ও তানিয়া সুলতানা হ্যাপি এবং সহ সম্পাদক কানিজ ফাতেমা। শনিবার ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গের কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ছাত্রলীগ সভাপতি ইডেন কলেজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কলেজ কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন। বহিষ্কৃত চারজনই শুক্রবার কলেজ ছাত্রলীগের সভাপতি জেসমিন শারমিন নিঝুম ও সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন তানিয়ার বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত করেছিলেন। তারা সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নিরঙ্কুশ নিয়ন্ত্রণ এবং ভর্তি বাণিজ্যের অভিযোগ এনেছিলেন। চম্পা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, কলেজ শাখার দুই শীর্ষ নেত্রী হলের ছাত্রীদের ওপর নিপীড়নও চালাচ্ছে। তবে সভাপতি নিঝুম সে অভিযোগ অস্বীকার করে নাম উল্লেখ করেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংগঠন ও নৈতিকতাবিরোধী কাজের প্রতিবাদ করায় চম্পা, শর্মী, হ্যাপি ও কানিজ হলে ভাংচুর চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭৫৫ ঘ.