ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের একজন ওয়ার্ড নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ৪১৬/১২ তেজগাঁও বিজিপ্রেস হাইস্কুলের গলিতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আবুল কালাম আজাদ (৬০) ৩৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়া তিনি ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির প্রচার সম্পাদক বলে জানিয়েছেন তার ছেলে আলম চৌধুরী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আলম সাংবাদিকদের জানান, ওই সময় আবুল কালাম আজাদ বাসার সামনে বসেছিলেন। দু'টি মোটরসাইকেলে করে আসা কয়েক ব্যক্তি তাকে গুলি করে পালিয়ে যায়।
ঘটনার কারণ সম্পর্কে আলম বলেন, "সেটি এখন বলা যাবে না।"
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক জানান, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। কেন তাকে গুলি করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২৩৪৩ ঘ.
bdnews24