ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের প্রস্তুতি নিতে বিএনপি জেলা সফরের সিদ্ধান্ত নেওয়ার পর এবার ক্ষমতাসীন আওয়ামী লীগও জেলা সফরের কর্মসূচি গ্রহণ করেছে।
আওয়ামী লীগের নেতারা ১৬টি দলে ভাগ হয়ে আগামী ১৮ মার্চ থেকে মাসব্যাপী সফর শুরু করবেন।
তারা সরকারের এক বছরের সাফল্য তুলে ধরার পাশাপাশি বিরোধী দলের 'নেতিবাচক' রাজনীতি সম্পর্কে জনগণকে সচেতন করবেন বলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জানিয়েছেন।
বুধবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠকে সাংগঠনিক সফরের সিদ্ধান্ত হয়। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ওই বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।
হানিফ সাংবাদিকদের বলেন, "সফরকালে গণসংযোগ ও সদস্য সংগ্রহের পাশাপাশি সরকারের এক বছরের সফলতা এবং বিরোধীদলের 'নেতিবাচক' রাজনীতি সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হবে।"
"চারদলীয় জোট যেন নেতিবাচক রাজনীতি থেকে ফিরে আসে, সে জন্য জনগণের মধ্য থেকেই চাপ সৃষ্টি করা হবে", বলেন তিনি।
হানিফ বলেন, সফরের সময় সভা-সমাবেশের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সরকারের গত এক বছরের সফলতা এবং আগামীতে সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হবে। এছাড়া তৃণমূল পর্যায়ের নেতাদের মাধ্যমে সরকারের কাছে জনগণের চাওয়া-পাওয়া এবং দাবি-দাওয়া সংগ্রহ করে নীতি-নির্ধারক পর্যায়ে তুলে ধরা হবে।
সফরের জন্য ১৬টি দল চূড়ান্ত করা হয়েছে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সাতটি বিভাগ থেকে এই সাংগঠনিক সফর শুরু হবে। সাংগঠনিক সম্পাদকদের স্ব স্ব বিভাগের নেতাদের সঙ্গে আলোচনা করে সফরসূচি চূড়ান্ত করতে বলা হয়েছে।
হানিফ জানান, বর্ষার আগ পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম চলবে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় বিভাগীয় উপ-কমিটিগুলো চলতি মাসের মধ্যেই ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় সম্পাদকরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৩৫০ ঘ.
bdnews24