ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে কাজ শুরু করেছে জাতীয়তাবাদী যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি।
শনিবার সকালে সংগঠনের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরবকে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দেন।
ওই সময় অন্যদের মধ্যে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু এবং যুবদলের নতুন কমিটির নেতারা।
পরে বিএনপির স্থাায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে জিয়ার কবরে ফুল দেন যুবদলের ঢাকা মহানগরের (উত্তর) সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর এবং ঢাকা মহানগরের (দক্ষিণ) সভাপতি হামিদুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনু।
গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫ সদস্য এবং ঢাকা মহানগর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪১৪ ঘ.
bdnews24