ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বুধবার বলেছেন, বিএনপির কফিন গত নির্বাচনেই তৈরি হয়েছে এবং আগামী সংসদ নির্বাচনে এর দাফন হবে।
বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব ফখরুল মঙ্গলবার এ সভায় সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের কফিন নির্মাণের কাজ সরকারই শুরু করেছে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার ভাই আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি ওই বক্তব্য দেন।
এর জবাবে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল দুপুরে তার মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, "বিএনপি কর্মকাণ্ডের জন্য জনগণই তাদের জবাব দেবে। তাদের নিজের কর্মকাণ্ডের কারণেই তারা ধ্বংস হবে। তাদের নিশ্চিহ্ন করতে সরকারকে কিছু করতে হবে না।"
যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তারা রাজনৈতিক-অর্থনৈতিকভাবে যত শক্তিশালীই হোক না কেন, তাদের বিচার হবে।
"একাত্তরে প্রশিক্ষিত পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। সুতরাং যুদ্ধাপরাধীদের বিচারও আমরা করতে পারবো। এ নিয়ে সন্দেহের অবকাশ নেই। বর্তমান সরকারের মেয়াদেই তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।"
প্রতিমন্ত্রী জানান, আগামী কয়েকদিনের মধ্যেই যুদ্ধাপরাধ তদন্তকারী কর্মকর্তাদের নাম প্রকাশ করা হবে।
"সরকার তাদের কাছে কোনো তালিকা দেবে না। তারা নিজেরাই তদন্ত করে প্রকৃত যুদ্ধাপরাধীদের তালিকা তৈরি করবে", বলেন তিনি।
তারেক রহমানের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে কামরুল বলেন, "এতে সরকারের পক্ষ থেকে কোনো প্রভাব খাটানো হয়নি। আদালত যথাযথভাবেই এ পরোয়ানা জারি করেছে। তারা উচ্চ আদালতের নিষেধাজ্ঞার বিষয়ে নিু আদালতকে অবহিত করেনি। বরং তারা আদালতকে চরমভাবে অবজ্ঞা করেছেন।"
পরোয়ানা জারির পর তারেক রহমানের আইনজীবীরা তার জামিনসহ উচ্চ আদালতের নথিপত্র উপস্থাপনের পর আদালত পরোয়ানা ইতিমধ্যে প্রত্যাহার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24