২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার নাম বদলের প্রতিবাদে বিএনপির সমাবেশ বিকালে

জিয়া বিমানবন্দরের নাম পরিবর্তনের প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে মুক্তাঙ্গনে সমাবেশ করবে বিএনপি। একই দাবিতে জেলায় জেলায়ও কর্মসূচি পালিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2010, 05:26 AM

Updated : 24 Aug 2022, 06:54 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া বিমানবন্দরের নাম পরিবর্তনের প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে মুক্তাঙ্গনে সমাবেশ করবে বিএনপি। একই দাবিতে জেলায় জেলায়ও কর্মসূচি পালিত হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার দিনবদলের নামে জিয়ার নাম বদলে নেমেছে। আমরা এ হীন অপকর্মের প্রতিবাদে কর্মসূচি দিয়েছি। এ কর্মসূচির মাধ্যমে সারাদেশের জনগণ সরকারের প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করবে।" গত সোমবার জিয়া বিমানবন্দরের নাম পরিবর্তন করে হজরত শাহজালালের নামে তা করার সিদ্ধান্ত নেয় সরকার। সংসদেও বিএনপির সদস্যরা এর প্রতিবাদ জানিয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রাষ্ট্রপতি থাকা অবস্থায় ১৯৮১ সালে এক সেনা অভ্যূত্থানে নিহত হওয়ার পর তার নামে বিমানবন্দরের নামকরণ হয়। জিয়ার নাম পরিবর্তন ছাড়াও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলার অবনতিতেও উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। ফখরুল বলেন, "দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ শিক্ষাঙ্গনের সরকারি ছাত্র সংগঠনের ত্রাস সৃষ্টি এবং বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতনের প্রতিবাদও জানাচ্ছি আমরা।" বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্মসূচি পালনের জন্য সারাদেশে নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১২০ ঘ.