২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের কর্মসূচি দেবে বিএনপি

দল গোছানেরা পাশাপাশি আন্দোলনের কর্মসূচি দেবে প্রধান বিরোধী দল বিএনপি। বুধবার দলের চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া এ ঘোষণা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2010, 04:59 PM

Updated : 24 Aug 2022, 06:52 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দল গোছানেরা পাশাপাশি আন্দোলনের কর্মসূচি দেবে প্রধান বিরোধী দল বিএনপি। বুধবার দলের চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া এ ঘোষণা দিয়েছেন। রাতে জাতীয়তাবাদী ছাত্র দলের বর্ধিত সভার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ''দল গোছানোর পাশাপাশি জনগণের দুর্ভোগ দূর করতে আন্দোলনের কর্মসূচিও দেব আমরা। দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। এজন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। দেশ, গণতন্ত্র, জনগণের স্বার্থে আমাদের আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।" ছাত্রদলকে নতুনভাবে পুনর্গঠনের লক্ষ্যে প্রকৃত ছাত্রদের নেতৃত্বে কমিটি গঠনের কথাও বলেন তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে সকালে ছাত্রদলের বর্ধিত সভা উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। টানা ৪ ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকে সারাদেশের ছাত্রদলের ৮৫টি সাংগঠনিক কমিটির নেতারা অংশ নেন। সর্বশেষ ছাত্রদলের বর্ধিত সভা হয় ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে। সাহাবুদ্দিন লাল্টুর সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন তারেক রহমান। খালেদা জিয়া বলেন, "আমরা সরকারকে সহযোগিতা করার কথা বলেছি। তাই এক বছর আমরা কোনো কর্মসূচি দেইনি। কিন্তু সরকার এই সময়ে কিছুই করতে পারেনি। সংসদকে তারা কুরুচিপূর্ণ ও মিথ্যা কথা বলার প্রতিষ্ঠানে পরিণত করেছে। যেসব চুক্তি করেছে, তা এখনো সংসদে উপস্থাপন করেনি তারা।" জাতীয় সংসদকে 'মাছের বাজার' বলে স্পিকার আবদুল হামিদের মন্তব্য উল্লেখ করে বলেন, "সরকারি দলের সদস্যদের কেউ কেউ সংসদকে সার্কাস পার্টি বলেছেন, আবার কেউ বানিয়েছেন বাজার।" বিরোধী দলীয় নেতা দেশের শিক্ষাঙ্গনগুলোর অবস্থা তুলে ধরে বলেন, "বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাঙ্গনগুলোতে আজ সরকারিদলের ছাত্র সংগঠন সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দলীয়করণ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠাগুলোতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারি দলের ছাত্র সংগঠনের সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘুরছে, পুলিশ নীরব ভূমিকা পালন করছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।" তিনি ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলোকে দেশের স্বার্থ পরিপন্থি বলে মন্তব্য করে বলেন, "এরকম চুক্তি করে তারা দেশ বিক্রি করে এসে বলছেন আমরা জয়ী হয়ে এসেছি। ওইসব চুক্তি যাতে বাস্তবায়ন করতে না পারে সে জন্য আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।" খালেদা জিয়া ছাত্রদলকে দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সজাগ থাকার আহবান জানান। সন্ত্রাস, হত্যা, বিরোধী দলের ওপর নির্যাতন, সাংবাদিকদের ওপর হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, তারা আগের মতো আবার একদল বাকশাল প্রতিষ্ঠা করতে চায়। সেজন্য তাদের শরিকদের নিয়ে একদল মহাজোট গঠন করেছে। গণমাধ্যমে বিরোধী দলের সংবাদ নিয়ন্ত্রণ করা হচ্ছে অভিযোগ করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, সংবাদপত্র তারা নিয়ন্ত্রণ করছে। বিটিভি এখন একটি দলের মূখপত্রে পরিণত হয়েছে। এখানে সেই দলটির গুলকীর্তন ছাড়া আর কিছুই প্রচার হয় না। তিনি অভিযোগ করেন, এ সরকারের আমলে দ্রব্যমূল্য কমেনি। বরং বিএনপির আমল থেকে দ্রব্যের দাম বেড়েই চলেছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করে খালেদা জিয়া বলেন, প্রতিনিয়ত মানুষ হত্যা হচ্ছে। বিদ্যুৎ-গ্যাস-পানি সংকট বাড়ছে। বিচার বিভাগেও সরকার হস্তক্ষেপ করছে অভিযোগ করে বিরোধী দলীয় নেতা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে লুটপাট-দুর্নীতি করে। তারা বিচার বিভাগের ওপরও হস্তক্ষেপ করছে। ছাত্রদলকে পুনর্গঠন করার তাগিদ দিয়ে বলেন, "তত্বাবধায়ক সরকারের দুই বছরের কারণে ছাত্রদলে জট বেঁধে গেছে। এখন নতুনভাবে পুনর্গঠন করতে হবে। আমরা চাই- প্রকৃত ছাত্র দিয়ে ছাত্রদলকে গড়ে তুলতে। বিভিন্ন কারণে যারা সিনিয়র হবে, অবশ্যই তাদের বিএনপি ও অঙ্গসংগঠনে নেওয়া হবে।" ছাত্রদলের কর্মীদের বিএনপি নয়, ছাত্র নেতাদের নির্দেশ মেনে চলার পরামর্শ দেন খালেদা জিয়া। সভাপতির বক্তব্যে ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু আগামী ছয় মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন এবং দলের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়নের সিদ্ধান্তের কথা জানান। বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সালাহউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজুলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব উন নবী খান সোহেল, মহিলা বিষয়ক সহ-সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী হেলাল, হেলেন জেরিন খান, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলীম প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এইচএ/২২৫০ ঘ.