নীলফামারী, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীতে আওয়ামী লীগ ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১০ পুলিশ সদস্যসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন।
শনিবার বিকালে জেলার জামায়াতের কার্যালয়ে আওয়ামী লীগের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের পর দুপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট এস এম রশিদুল ইসলাম।
তিনি জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ও ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
ঘটনাস্থল থেকে জেলা জামায়াতের আমির শাহ মোজাম্মেল হকসহ ২০ জনকে আটক করা হয়েছে। সবার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের মধ্যে আওয়ামী লীগের ২০ জন, জামায়াতের ৩৫ জনকে নীলফামারী সদর আধুনিক হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে আছেন- জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান ও জেলা জামায়াতের আমির শাহ মোজাম্মেল হক, সদর থানার ওসি নুরুল ইসলাম, উপ-পরিদর্শক শাহাবুদ্দীন, ইসলামিক টেলিভিশনের নীলফামারী প্রতিনিধি নুর আলম সিদ্দিকী।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট রশিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বিকেল ৪টার দিকে জামায়াত নেতা-কর্মীরা জেলা কার্যালয় আল হেলাল একাডেমি থেকে মিছিল বের করে। তবে পুলিশের বাধা পেয়ে তারা আবার কার্যালয়ে ফিরে যায়।
বিকাল ৫টার দিকে আওয়ামী লীগের একটি বড় মিছিল আল হেলাল একাডেমিতে হামলা চালায়।
মিছিলকারীরা একাডেমির সীমানা প্রাচীর ও গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নয়টি মোটরসাইকেল ও ২৬টি বাই-সাইকেলে আগুন ধরিয়ে দেয়, দরজা-জানালা, আসবাবপত্র, আলমারী ভাংচুর করে।
এরপরই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
নীলফামারী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট আল হেলাল একাডেমির আগুন নেভায় বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৪ ঘ.
bdnews24