ঢাকা, ১২ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারুক হোসেন হত্যার ঘটনায় শুক্রবার দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের আরো দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর মধ্যে পাবনার ফরিদপুর উপজেলা সদর থেকে গ্রেপ্তার করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা রমজান আলীকে (২৬)।
ফারুক হত্যাকাণ্ডের পর রমজান গ্রামের বাড়িতে এসে আত্মগোপন করেছিলেন। তিনি ওই হত্যা মামলার আসামি বলে জানিয়েছেন ফরিদপুর থানার ওসি জাফর আলী।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নওগাঁ সদর উপজেলার শৈলগাছী গ্রাম থেকে ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল মারুফকে গ্রেপ্তার করে পুলিশ।
নওগাঁ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, মারুফ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলালিক ষ্ট্যাডিজ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
বৃহস্পতিবার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুন্দল গ্রামে থেকে মোখলেছুর রহমান নামে এক শিবির নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোমবার রাতভর ছাত্রলীগ ও শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন নিহত হন। পুলিশ বলেছে, শিবিরের হামলায় ফারুক মারা গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
পাবনা: ফরিদপুর থানার ওসি জাফর জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যাকাণ্ডের রাতে রমজান রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডীর এলাকার একটি মেসে অবস্থান করছিলেন। বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের পর তিনি ফরিদপুরের গ্রামের বাড়িতে চলে আসেন।
তিনি জানান, উপজেলার যে কোনো একটি মসজিদে রমজান জুম্মার নামাজ পড়বে- এ খবরের ভিত্তিতে পুলিশ সাদা পোশাকে বিভিন্ন মসজিদে অবস্থান নেয়। উপজেলার বাজার মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে তাকে গ্রেপ্তার করে।
রমজান উপজেলার পারফরিদপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
ওসি জানান, গ্রেপ্তারকৃত রমজান ফারুক মামলার ১৩ নম্বর আসামি। তাকে ফরিদপুর থানা হেফাজতে রাখা হয়েছে। শনিবার তাকে আদালতের পাঠানো হবে।
পুলিশের জিজ্ঞাসাবাদে রমজান বলেছেন- এক বছর আগে তিনি রাজশাহী ছেড়ে এসেছেন। এখন একটি বীমা কোম্পানির সহকারী ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন। শিবিরের সঙ্গে কোনোদিনই তিনি জড়িত ছিলেন না।
নওগাঁ: সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শৈলগাছী গ্রামে অভিযান চালিয়ে মারুফকে গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের আশরাফ আলী সরদারের ছেলে।
তিনি জানান, মারুফ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাবিবুর রহমান হলের আবাসিক ছাত্র হলেও হলে না থেকে মেহেরচণ্ডী এলাকার পদ্মা ছাত্রাবাসে থাকতেন। পুলিশ ধারণা করছে- তিনি ছাত্রশিবিরের সদস্য।
পুলিশের জিজ্ঞাসাবাদে মারুফ বলেছেন- বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নিহত হওয়ার সময় দাড়ি থাকলেও ঘটনার পরপর তিনি পালিয়ে এসে দাড়ি কামিয়ে ফেলেন।
ওসি জানান, মারুফকে রাজশাহীর মতিহার থানা পুলিশের কাছে রাতেই হস্তান্তর করা হবে।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আহামার উজ-জামান বলেন, রাজশাহীর ঘটনায় অভিযুক্ত শিবির ক্যাডারদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। জেলায় কোনো নাশকতামূলক কর্মকাণ্ড যাতে ঘটতে না পারে সে ব্যাপারে পুলিশকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ: পুলিশ সুপারিনটেনডেন্ট নজরুল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। জামায়াত-শিবিরের ঘাঁটি নামে পরিচিত শহরের বিভিন্ন মেসবাড়িগুলো ফাঁকা হয়ে গেছে। স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্র্থী কিংবা কর্মজীবীদের অধিকাংশই মেসবাড়িতে নেই।
তিনি জানান, জেলায় চিরুনী অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব টহল দিচ্ছে।
শিবগঞ্জ থানার ওসি ফজলুর রহমান জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় অভিযুক্ত হাফিজুর রহমান শাহীনের আশ্রয়দাতা চৈতন্যপুরের জামায়াত নেতা তৌফিজুল ইসলামকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার গভীর রাতে তৌফিজুল ইসলামের বাড়িতে পুলিশের অভিযানের সময় শাহীনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলেছে, ওই বাড়িতে আত্মগোপন করতে আসা শিবিরের নেতাকর্মীদের গুলিতেই শাহীন মারা গেছেন।
এ ঘটনায় গ্রেপ্তার তৌফিজুলের ছেলে মাহফুজের রহমানকে শুক্রবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচদিন হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিম শনিবার শুনানির দিন ধার্য করেছেন।
রংপুর: কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম সাংবাদিকদের জানান, পুলিশ শহরের তিনটি বেসরকারি ছাত্রাবাসে তল্লাশি করেছে। তাবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
তিনি জানান, রাজশাহীর ঘটনায় শিবিরের ক্যাডাররা রংপুরের শিবির নিয়ন্ত্রিত বিভিন্ন ছাত্রাবাসে আত্মগোপন করেছে- এ সংবাদের ভিত্তিতে কারমাইকেল কলেজ সংলগ্ন আশরতপুর এলাকার আদর্শ, আর কে ছাত্রাবাস ও দর্শনার মোড়ে সিটি হার্ট ছাত্রাবাসে অভিযান চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৫৩ ঘ.
bdnews24