২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ

হাজীগঞ্জ উপজেলায় শুক্রবার বিকালে ছাত্রলীগ-শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2010, 03:49 PM

Updated : 24 Aug 2022, 06:45 PM

চাঁদপুর, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-হাজীগঞ্জ উপজেলায় শুক্রবার বিকালে ছাত্রলীগ-শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ জামায়াত-শিবিরের ৯ কর্মীকে আটক করেছে। ছাত্রলীগ কর্মীরা শিবির কার্যালয় ও উপজেলা বিএনপি'র কার্যালয়ও ভাংচুর করে। ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। হাজীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, শিবির কর্মীরা ছাত্রলীগের মিছিলে ইট-পাটকেল নিক্ষেপের অভিযোগে ৯ জন জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়েছে। এরা হলেন- স্থানীয় জামায়াত নেতা আবুল হাসানাত, মনজুর আলম, সাইফুল ইসলাম মোল্লা, সফিকুর রহমান, হাজীগঞ্জ মডেল কলেজের প্রভাষক জসিম উদ্দিন, হাজীগঞ্জ ইসলামী ব্যাংক কর্মকর্তা গোলাম মাসুদ ও সেফায়েত উল্যাহ, শিবির কর্মী মোতাহের হোসেন ও ইব্রাহিম। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী হত্যার প্রতিবাদে শুক্রবার বিকেলে স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীরা হাজীগঞ্জের পশ্চিম বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শিবির অফিসের কাছাকাছি এলে ছাত্রলীগের কর্মীরা শিবিরের কার্যালয় ভাংচুর করে তা ঘিরে রাখে এবং সেখানে সমাবেশ করে। ছাত্রলীগ কর্মীরা হাজীগঞ্জ বাজারের হলুদ পট্টিতে 'ইকরা ভবনে' অবস্থিত শিবিরের অফিস ভাংচুর করে। ওই সময় শিবির ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। এর পরপরই ছাত্রলীগ কর্মীরা উপজেলা বিএনপি'র একটি কার্যালয় ও জেলা বিএনপি'র সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের একটি তোরণ ভাংচুর ও অগ্নিসংযোগ করে বলে উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতা জানান। হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হিতু বলেন, উপজেলার পশ্চিম বাজার ছাত্রলীগের একটি মিছিল পূর্ব বাজারে আসলে ইকরা ভবন থেকে আসমারে মিছিলে ইট নিক্ষেপ করা হয়। এরপর আমরা তাদেরকে প্রতিরোধ করি। ইকরা ভবনটি মূলত শিবিরের কর্মীদের আবাসস্থল। একে দলীয় কার্যালয় হিসেবেও ব্যবহার করে তারা। চাঁদপুর শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট মোৎ শাহজাহান মিয়া বলেন, হাজীগঞ্জে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয়। ওই ঘটনায় আমাদের বেশ ক'জন কর্মী আহত হয়েছে। বিনা উস্কানীতে ছাত্রলীগ আমাদের ওপর হামলা করে। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতি কোথাও যাতে না ঘটে সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জিএনএ/এমএসবি/২১৪৫ ঘ.