কিশোরগঞ্জ, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুরের অভিযোগ করেছে দলটি।
হামলাকারীরা বিএনপি কার্যালয়ের চেয়ার-টেবিল ও দরজা-জানালার ব্যাপক ভাংচুর করে।
সদর উপজেলা বিএনপি'র সদস্য সচিব খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, "রাত ৯টার দিকে আমরা জিয়াউর রহমানের মরদেহ ও খালেদা জিয়াকে নিয়ে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ সরকার দলীয় নেতাদের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করি। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা বিনা উস্কানিতে আমাদের অফিসে হামলা ও ভাংচুর চালায়।"
মিছিলে সৈয়দ আশরাফুল ইসলামের বিরুদ্ধে কোনো অশালীন শ্লোগান দেওয়া হয়নি বলেও তিনি দাবি করেন।
এদিকে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ সাদী বলেন, বিএনপি'র মিছিল থেকে সৈয়দ আশরাফুল ইসলামের বিরুদ্ধে অশালীন শ্লোগান দেওয়ায় এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়েছে।
এ কারণে আওয়ামী লীগও একটি মিছিল বের করে এবং সমবেশ করে। তবে সমবেশ শেষে কারা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়েছে তা তিনি জানে না বলে জানান।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশাররফ হোসেন বলেন, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৮ ঘ.
bdnews24