২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে যুবদল নেতাকে হত্যার অভিযোগ

ফেনীর সোনাগাজী উপজেলায় এক যুবদল নেতাকে অপহরণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2010, 01:16 PM

Updated : 24 Aug 2022, 06:38 PM

ফেনী, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর সোনাগাজী উপজেলায় এক যুবদল নেতাকে অপহরণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরচান্দিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি মাহফুজ উদ্দিনকে (২৮) শুক্রবার রাতে দুর্বৃত্তরা বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায় বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। তিনি দক্ষিণ চরচান্দিয়া এলাকার চৌধুরী মিয়ার ছেলে। মাহফুজের স্ত্রী পারুল আক্তার সাংবাদিকদের কাছে দাবি করেন, তার স্বামীকে অজ্ঞাত স্থানে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে ইউনিয়নের ভূঞা বাজার এনায়েত উল্যাহ ব্রিজের গোড়ায় তার রক্তমাখা শার্ট পাওয়া গেছে। তিনি জানান, ভূঞা বাজার এলাকার খোকন (২৮), জসিম উদ্দিন (৩০), হালিম (৩০) ও শাহ আলমসহ (২৮) অজ্ঞাতনামা আরো ১০-১২ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোনাগাজী থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, শুক্রবার রাত ও শনিবার দিনভর মাহফুজের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েছে পুলিশ। কিন্তু তার খোঁজ পাওয়া যায়নি। তিনি জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওসি জানান, সোনাগাজী থানা পুলিশের সন্ত্রাসী তালিকার ২২ নম্বরে মাহফুজের নাম রয়েছে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে থানায় ১৩টি মামলা আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১১ ঘ.