ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতির মামলায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার অভিযোগ গঠন করেছে আদালত।
এর মধ্য দিয়ে এ মামলার বিচার কাজ শুরু হতে যাচ্ছে। আদালত আগামী ১৮ মার্চ সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ঠিক করেছে।
ঢাকার তিন নম্বর বিশেষ জজ মোজাম্মেল হোসইনের আদালতে গয়েশ্বর রায়ের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। এর আগে আদালতে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করেন গয়েশ্বর রায়।
২ কোটি ৮৬ লাখ ৯৫ হাজার ১০৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন গত ৫ জুলাই এ মামলা দায়ের করে। এর ছয় মাসের মাথায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
এ মামলায় গত অক্টোবরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরকে এক সপ্তাহের জন্য কারাগারেও যেতে হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১২২৪ ঘ.
bdnews24